সমঝোতার সম্ভাবনা নাকচ মমতার
ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস দলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের বিষয়ে অনড় রয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা গত মঙ্গলবার বলেছিলেন, ইউপিএ সরকার অর্থনৈতিক সংস্কার কর্মসূচির কয়েকটি বিষয় বাতিল করলে তিনি সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারেন।কেন্দ্রের ক্ষমতাসীন জোট থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণার একদিন পর গতকাল বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, ‘আমার অবস্থানে নড়চড় হবে না। দেখুন কী ঘটে...তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা তাঁদের পদত্যাগপত্র দাখিল করবেন।’মমতা বলেন, ‘সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করে—এমন কোনো বিষয়ে আমি সমঝোতা করতে পারি না।’ এই বক্তব্য দেওয়ার আগে তৃণমূল প্রধান ফেসবুকে তাঁর সর্বশেষ বার্তায় লেখেন, ‘আমি আবারও বলছি, আমরা এমন একটি সিদ্ধান্ত নিয়েছি, যা জনগণের স্বার্থে এবং তা জনগণেরই নেওয়া সিদ্ধান্ত। আমরা জনগণের সঙ্গে রয়েছি।’প্রধানমন্ত্রী মনমোহন সিং সরকারের কথিত দুর্নীতির প্রতিবাদে এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও খুচরা পণ্যের বাজারে বিদেশি বিনিয়োগের অনুমতিদানের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে গত মঙ্গলবার রাতে মমতা ইউপিএ সরকারের ওপর থেকে তাঁর দলের সমর্থন প্রত্যাহারের ঘোষণা দেন। তৃণমূল ইউপিএ জোটের গুরুত্বপূর্ণ অংশীদার। তৃণমূলের সংসদীয় দলের বৈঠকের পর মমতা মঙ্গলবার জানান, শুক্রবার বিকেলে কেন্দ্রীয় মন্ত্রিসভায় থাকা তাঁর দলের ছয় মন্ত্রী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর হাতে পদত্যাগপত্র তুলে দেবেন।এদিকে উদ্ভূত পরিস্থিতিতে গতকাল সকাল ১০টায় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাসভবনে কংগ্রেসের ‘কোর কমিটি’র বৈঠক অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন ইউপিএ চেয়ারপারসন ও কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম এবং প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনিসহ কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতারা।বৈঠক শেষে পি চিদাম্বরম সাংবাদিকদের বলেন, ডিজেলের মূল্য কমানো বা পরিবারপ্রতি গ্যাস সিলিন্ডারের কোটা বাড়ানোর ব্যাপারে কথা হয়নি। প্রধানমন্ত্রী কয়েকবার মমতার সঙ্গে কথা বলার চেষ্টা করেও তাঁর সাড়া পাননি। তৃণমূলের মন্ত্রীরা নয়াদিল্লিতে আসছেন। তাঁরা চাইলে তাঁদের সঙ্গে কথা হতে পারে।তবে অর্থমন্ত্রীর বক্তব্য নাকচ করে গতকাল মমতা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, ভর্তুকি মূল্যে গ্যাস সিলিন্ডার সরবরাহ ও খুচরা বাজারে বিদেশি বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত গ্রহণের আগে কিংবা পরে নয়াদিল্লি থেকে সরকারের কেউ তাঁর সঙ্গে যোগাযোগ করেননি। বিশ্লেষকেরা বলছেন, কংগ্রেসের একাংশ চাচ্ছে না, তাদের দল আবারও মমতার কাছে মাথা নত করুক। ওই অংশ মনে করছে, তৃণমূলের ১৯টি আসন চলে গেলেও মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টির ২৩টি, মায়াবতীর বহুজন সমাজ পার্টির ২১টি ও ডিএমকের ১৮টি আসনের সমর্থন তাদের থাকবে। ডিএমকে বলেছে, তারা মমতার মতো ‘হঠকারী সিদ্ধান্ত’ নেওয়ার পক্ষপাতী নয়। সমাজবাদী পার্টির সাংসদেরা আজ বৃহস্পতিবার ইউপিএ সরকারকে সমর্থনের প্রশ্নে এক বৈঠকে বসছে। মায়াবতী কেন্দ্রীয় সরকারের প্রতি সমর্থনের কথা আগেই জানিয়েছেন। ফলে অঙ্কের হিসাবে এই মুহূর্তে মমতা সমর্থন প্রত্যাহার করে নিলেও কেন্দ্রীয় সরকার পতনের আশঙ্কা নেই।