বৃহস্পতিবার দুপুরে অসলো সিটি হলের সামনের পরিবেশ ছিল একটু অন্য রকম। এখানেই ২০১৫ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হলো।
ছোট লাইনে দাঁড়িয়ে কয়েক মিনিটের মধ্যেই নিরাপত্তা তাঁবুর ভেতরে ঢুকলাম। অনুষ্ঠানস্থলের ভেতরে ঢোকার আগে আরেকবার তল্লাশি। ভেতরে ঢুকে দেখি, সবাই নোবেল বিজয়ী তিউনিসিয়ার ‘ন্যাশনাল ডায়ালগ কোয়ারটেটের’ চার সদস্যের সঙ্গে লাইন ধরে ছবি তুলছেন।
রীতি অনুযায়ী অপেরা পরিবেশনের মধ্য দিয়ে শুরু হলো মূল অনুষ্ঠান। এরপর আনুষ্ঠানিক বক্তব্য। নরওয়েজীয় নোবেল শান্তি কমিটির চেয়ারম্যান কাসি কালম্যান ফাইভ প্রথমে বক্তব্য দিলেন। তিনি বললেন, ইসলামপন্থী ও ধর্মনিরপেক্ষ শক্তির মধ্যে যে আলোচনা-সমঝোতা হতে পারে, তা তিউনিসিয়া দেখিয়ে দিয়েছে। এরপর গান শোনান তিউনিসিয়ার গায়িকা এমেল মাতলুদি। এরপরেই পদক তুলে দেওয়া হয় বিজয়ীদের।
একে একে বক্তব্য দেন নোবেল বিজয়ী চার তিউনিসীয়। হাসাইন আব্বাসি বলেন, ‘আমরা বৈরুতে, প্যারিসে, মিসরের শার্ম আল শেখে জঘন্য সব হামলা দেখছি। এখন সময় এসেছে সমবেতভাবে জঙ্গিবাদীদের দমন করার। ...আমরা আলোচনা করেছি। প্রথমে আশাহত হয়েছিলাম, কিন্তু মানুষ হাল ছাড়েনি।’
বক্তব্যের পালা শেষের পরেই অপেরা সংগীতের মধ্য দিয়ে সাঙ্গ হয় অনুষ্ঠান। এরপর ঐতিহ্য অনুযায়ী সন্ধ্যার পর অসলো সিটি সেন্টারের পাশে গ্র্যান্ড হোটেলে বসে উদ্যাপনের আসর। সন্ধ্যা ঠিক সাতটায় চার নোবেলজয়ী এসে দাঁড়ালেন হোটেলের দোতলার বারান্দায়। জয়ধ্বনি দিয়ে তাঁদের স্বাগত জানায় আগত মানুষ। নোবেল বিজয়ীরাও হাত নেড়ে জবাব দিলেন।