সমরাস্ত্র বিক্রি কমেছে
২০১১ সালে বিশ্বের শীর্ষস্থানীয় ১০০টি অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানের অস্ত্র বিক্রির হার উল্লেখযোগ্য হারে কমেছে। নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ের পর এই প্রথম এমনটি ঘটেছে। বিশ্বের অর্থনীতিতে স্লথগতি এবং আফগানিস্তান ও ইরাকের মতো যুদ্ধক্ষেত্রগুলোর জন্য অস্ত্র কেনা কমে যাওয়াকেই এর প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।বিশ্বের শীর্ষস্থানীয় একটি গবেষণা প্রতিষ্ঠান গতকাল সোমবার এসব কথা জানিয়েছে। প্রতিষ্ঠানটি হলো সুইডেনের স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউট (এসআইপিআরআই)। তারা আন্তর্জাতিক নিরাপত্তা, যুদ্ধোপকরণ ও অস্ত্রনিরস্ত্রীকরণ নিয়ে স্বতন্ত্রভাবে গবেষণা করে থাকে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০১১ সালে মোট ৪১০ বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র বিক্রি হয়েছে, যেখানে ২০১০ সালে হয়েছিল ৪১১ বিলিয়ন ডলারের। তবে পর্যাপ্ত তথ্য-উপাত্ত না থাকায় চীনের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলো এই হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি।এসআইপিআরআইয়ের গবেষক সুসান জ্যাকসন বলেন, নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ের পর এই প্রথম অস্ত্র খাতে ব্যয়ে পতন ঘটল। ওই সময়ে স্নায়ুযুদ্ধের অবসান ঘটার পর প্রতিরক্ষা ব্যয়ে পতন ঘটেছিল।২০১১ সালে বিশ্বব্যাপী যে অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর ওপরে নজর রাখা হয়েছিল; তার মধ্যে ৭৪টি যুক্তরাষ্ট্র ও ইউরোপভিত্তিক। মোট অস্ত্রের ৯০ শতাংশই উৎপাদন করে থাকে এই প্রতিষ্ঠানগুলো। সর্বোচ্চ বিক্রির দিক দিয়ে ২০১০ সালের মতো ২০১১ সালেও শীর্ষে ছিল মার্কিন প্রতিষ্ঠান লকহিড মার্টিন। তবে যুক্তরাজ্যের বিএই সিস্টেমসের (এবার তৃতীয় স্থানে) কাছ থেকে দ্বিতীয় স্থানটি ছিনিয়ে নিয়েছে মার্কিন প্রতিষ্ঠান ইউএস বোয়িং। আর চতুর্থ স্থানে রয়েছে জেনারেল ডাইনামিকস। রয়টার্স।