গৃহবন্দিত্ব থেকে মুক্তি পাওয়ার পর মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি এই প্রথম দেশটির প্রধান শহর ইয়াঙ্গুনের বাইরে সফর করেন। চার দিনের এ সফরে সু চি (৬৬) প্রাচীন মন্দিরের নগর বাগানের গ্রামীণ এলাকায় ঘুরেছেন। তবে রাজনৈতিক প্রচারণা বা সমাবেশ থেকে বিরত ছিলেন।বিশ্লেষকেরা বলছেন, সরকার সু চির কর্মকাণ্ড একটা সীমিত পর্যায় পর্যন্ত সহ্য করবে। সু চি পুরোদমে রাজনৈতিক সফর শুরু করলে সেনা-সমর্থিত নতুন সরকারের সঙ্গে তাঁর বিরোধ দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।শান্তিতে নোবেলজয়ী সু চিকে গত ২০ বছরের অধিকাংশ সময় গৃহবন্দী করে রাখে জান্তা সরকার। গত নভেম্বরে গৃহবন্দিত্ব থেকে তিনি মুক্তি পান। এরপর ইয়াঙ্গুনে অবস্থান করছিলেন। গত সোমবার ইয়াঙ্গুন থেকে প্রায় ৬৯০ কিলোমিটার দূরের পর্যটন নগর বাগানে যান। এ সময় মন্দিরসহ নগরের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন তিনি। যান বিভিন্ন গ্রামেও। এ সময় অগণিত মানুষের প্রাণঢালা ভালোবাসায় সিক্ত হয়েছেন সু চি। নিরাপত্তা বাহিনীর সাদা পোশাকধারী সদস্যরা সারাক্ষণ সু চির গতিবিধির ওপর তীক্ষ নজর রেখেছে। এ কারণে সু চি কোনো রাজনৈতিক বক্তব্য দিতে পারেননি; করতে পারেননি সমাবেশ। এমনকি সাংবাদিকদের কাছেও কোনো মন্তব্য করেননি তিনি।সফরসঙ্গী সু চির ছোট ছেলে কিম অ্যারিস এএফপিকে বলেন, ‘আমরা বিরতি নিয়েছি বটে, তবে বিশ্রাম নেওয়া হয়নি। যেখানে গেছি, সবখানেই মানুষের উপচে পড়া ভিড়। কিন্তু এই ভালোবাসা এড়িয়ে দূরে থাকা যায় না।’প্রিয় নেত্রীকে একপলকের জন্য দেখার উদ্দেশ্যে নগরের বিভিন্ন স্থানে শত শত সমর্থক জড়ো হয়েছে। কখনো আনন্দে হাততালি দিয়েছে তারা। সমস্বরে স্লোগান দিয়েছে—‘জননী সু চি, স্বাস্থ্যবতী হোন, দীর্ঘ জীবন লাভ করুন’। লন্ডন স্কুল অব ইকোনমিকসের গবেষক ও মানবাধিকারকর্মী মাউং জারনি বলেছেন, ‘এখন তাঁর (সু চি) সঙ্গে সরকার ভালো ব্যবহার করছে বলেই এটা ভাবা ঠিক হবে না যে তিনি যখন রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করবেন, সরকার তখন কিছু না করে চুপচাপ বসে দেখবে।’মিয়ানমারে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ট্রেভর উইলসন বলেন, সরকার স্পষ্ট বার্তা পাঠাচ্ছে যে জনসমক্ষে বক্তব্য দেওয়ার মতো রাজনৈতিক কর্মকাণ্ড সু চির জন্য ‘নিষিদ্ধ’। এএফপি।