সমর্থকেরা আনন্দিত, শঙ্কিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি গতকাল সোমবার ইয়াঙ্গুনে তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) কার্যালয়ে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এর মধ্য দিয়ে দীর্ঘ বন্দীজীবনের পর কর্মব্যস্ত জীবনে ফিরলেন তিনি। তাঁর মুক্তিতে সমর্থক ও ভক্তরা একদিকে যেমন আনন্দিত, তেমনি উৎকণ্ঠায়ও ভুগছেন। সামরিক জান্তা আবার তাঁকে গৃহবন্দী করে কি না এ নিয়ে তাঁরা শঙ্কিত। গত শনিবার গৃহবন্দিত্ব থেকে মুক্তি পান সু চি। রোববার দলীয় কার্যালয়ের সামনে দলের নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন তিনি। ভাষণে তিনি জাতীয় ঐক্যের আহ্বান জানান। গতকাল সকালে এনএলডির কার্যালয়ে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেন সু চি। এ সময় ওই কার্যালয়ের আশপাশে সাদা পোশাকে পুলিশ সদস্যদের টহল দিতে দেখা যায়। গতকাল এনএলডির মুখপাত্র নিয়ান উইন বলেন, ‘শুরু থেকে আমরা আলোচনায় বসতে জান্তার প্রতি আহ্বান জানিয়ে আসছি। সু চি সব সময় আলোচনায় বসতে তৈরি ছিলেন।’ আলোচনায় বসার প্রস্তাব দিয়ে থান শোয়েকে কোনো চিঠি পাঠানো হবে কি না—জানতে চাইলে নিয়ান উইন এ ব্যাপারে কিছু জানেন না বলে জানান। এদিকে সু চির সমর্থকেরা তাঁর মুক্ত থাকা নিয়ে উদ্বিগ্ন। ইয়াংগুনের ট্যাক্সিচালক সো মায়িন্ত বলেন, ‘আমি তাঁর নিরাপত্তা নিয়ে বেশ উদ্বিগ্ন। তাঁর যদি কিছু হয়, তাহলে এ জন্য জান্তা দায়ী থাকবে।’ সু চির নিরাপত্তা নিয়ে সমর্থকদের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। এর আগে ২০০৩ সালের মে মাসে দেপেইন শহরে সু চির মোটর শোভাযাত্রায় হামলা করেছিল জান্তা সমর্থিত সন্ত্রাসীরা। সামরিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করায় প্রথম ১৯৮৯ সালে তাঁকে গৃহবন্দী করা হয়। এরপর তাঁকে দুইবার মুক্তি দেওয়া হয়েছিল।সু চির সমর্থক অবসরপ্রাপ্ত শিক্ষক থেইন বলেন, ‘দেপেইনে যে ঘটনা ঘটেছিল, তা এখনো ভুলতে পারিনি আমরা। সত্যি কথা বলতে কি, তাঁর মুক্তির মাধ্যমে মিয়ানমারে কোনো অর্থপূর্ণ পরিবর্তন আসবে কি না তা নিয়ে আমাদের সংশয় রয়েছে। বরং তাঁর নিরাপত্তা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন।’ দীর্ঘ বন্দীজীবনে বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল সু চির। ওই সময় হাতে গোনা কয়েকজন ব্যক্তির সঙ্গে তাঁর যোগাযোগের অনুমতি দিয়েছিল সামরিক জান্তা। মুক্তি পাওয়ার পর এখন সু চি আবার ঘরের বাইরে বের হতে পেরেছেন। যোগাযোগ-সুবিধা বাড়াতে শিগগির তাঁর বাড়িতে টেলিফোন সংযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন মিয়ানমারের একজন কর্মকর্তা। এএফপি, রয়টার্স।