সমলিঙ্গের বিয়ের পক্ষে ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমলিঙ্গের বিয়ের প্রশ্নে অবশেষে নিজের অবস্থান স্পষ্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তাঁর মতে, সমকামীরা চাইলে বিয়ে করতে পারেন। ওবামাই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি সমলিঙ্গের বিয়েতে সমর্থন দিলেন।সমলিঙ্গের বিয়ে নিয়ে অবস্থান স্পষ্ট করার ব্যাপারে চাপ ছিল প্রেসিডেন্ট ওবামার ওপর। গত বুধবার এবিসি নিউজে প্রচারিত সাক্ষাৎকারে ওবামা এ বিষয়ে তাঁর অবস্থান জানিয়ে দেন। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।ওবামা বলেন, ‘সমলিঙ্গের বিয়ে নিয়ে আমার অবস্থান স্পষ্ট করা জরুরি। আমি মনে করি, সমকামীদের বিয়ে করতে দেওয়া উচিত।’ তিনি বলেন, ‘আমি আগের অবস্থান থেকে সরে এসেছি। আমার কাছের কর্মীদের দেখেছি, যাঁরা সমকামী হয়েও একগামী। বিষয়টি নিয়ে আমি আমার পরিবারের সঙ্গে কথা বলেছি। তাঁরা তাঁদের বন্ধু, স্বজনদের কথা আমাকে জানিয়েছেন। সব মিলিয়ে মনে হয়েছে, সমলিঙ্গের মধ্যে দাম্পত্যের ব্যাপারে সমর্থন জানানো উচিত।’সম্প্রতি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও শিক্ষামন্ত্রী আর্নে ডানকান সমকামী বিভিন্ন সংগঠনের প্রতি তাঁদের সমর্থন দেওয়ার মনোভাব প্রকাশ করেন।আগামী ৬ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ওবামার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থী মিট রমনি অবশ্য সমলিঙ্গের বিয়ের বিপক্ষে। মার্কিন জরিপকারী প্রতিষ্ঠান গ্যালাপের পরিচালিত জরিপে দেখা যায়, ৫০ শতাংশ মার্কিন জনগণ সমলিঙ্গের বিয়েকে আইনসিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন। গত বছরের জরিপের তুলনায় এবার সমলিঙ্গের বিয়ের প্রতি সমর্থন কিছুটা কমে এসেছে। আর এজাতীয় উদ্যোগের বিপক্ষে মত দেন ৪৮ শতাংশ।সমলিঙ্গের বিয়েতে ওবামার সমর্থন দেওয়ার প্রতিক্রিয়ায় নিউইয়র্কের ধর্মযাজক কার্ডিনাল টিমোথি ডলান এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্টের এই ঘোষণা দুঃখজনক। এই ঘোষণার ফলে বিয়ে বন্ধনকে হেয় করা হয়েছে, যা সমাজের জন্য ক্ষতিকর হবে। বিভিন্ন নাগরিক সংগঠন ওবামার ঘোষণাকে স্বাগত জানায়।