সমলিঙ্গের বিয়ের বিপক্ষে মিট রমনি
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থী মিট রমনি জানিয়েছেন, তিনি সমলিঙ্গের বিয়ের বিপক্ষে।যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের লিবার্টি ইউনিভার্সিটি ক্যাম্পাসে গত শনিবার প্রায় ২৫ হাজার শিক্ষার্থীর উদ্দেশে বক্তৃতায় রমনি সমলিঙ্গের বিয়ে নিয়ে তাঁর অবস্থানের কথা খোলাখুলিভাবে জানান।ওবামা সমলিঙ্গের বিয়ের পক্ষে তাঁর অবস্থান স্পষ্ট করার তিন দিন পর রমনি এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরলেন।রমনি বলেন, তিনি খ্রিষ্টান মূল্যবোধ ও পরিবারে বিশ্বাসী। জাতি যে মূল্যবোধ বা মূল ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে তাঁর মধ্যে ‘পরিবারের শ্রেষ্ঠত্ব অগ্রগণ্য’। মূল্যবোধ এতই মৌলিক বিষয় যে এটা নিয়ে বিতর্ক হতে পারে। তিনি বলেন, বিয়ের সম্পর্ক শুধু নারী ও পুরুষের মধ্যেই হতে পারে।রমনি তাঁর বক্তৃতায় কোথাও সমকামী নারী বা পুরুষের কথা উল্লেখ করেননি। রমনি এর আগে সমলিঙ্গের দম্পতিদের সন্তান দত্তক নেওয়াসহ কিছু অধিকারের পক্ষে কথা বলেছিলেন।রমনি মার্কিন অর্থনৈতিক মন্দার কথা উল্লেখ করে ৮ দশমিক ১ শতাংশ বেকারত্বের জন্য ওবামার সমালোচনা করেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা সবাই মিলে যদি সঠিক পথে থাকি, তাহলে অর্থনীতিকে আগের মতো শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারব।’ এএফপি।