বেড়ে যাচ্ছে পৃথিবীর তাপমাত্রা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। বিরূপ হয়ে উঠছে আবহাওয়া। বাড়ছে পরিবেশদূষণ। একই সঙ্গে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ। কিন্তু এই বিশাল বিপর্যয় মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায় এখনো কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেনি।এই বৈরী হয়ে উঠতে থাকা পৃথিবীর পরিবেশকে অনুকূলে নিয়ে আসতে এবং ক্ষয়ক্ষতির আশঙ্কা কমাতে দক্ষিণ আফ্রিকার ডারবানে বিশ্বনেতারা গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর যে চুক্তি করলেন, তা খুব কাজে আসবে বলে মনে হচ্ছে না।জাতিসংঘের বিভিন্ন সংস্থার জলবায়ু-সংক্রান্ত তথ্য অনুযায়ী, আগামী আট বছরে পৃথিবীর তামপাত্রা বাড়তে থাকায় গ্যাসের নির্গমন এত বেশি বেড়ে যাবে যে পরিবেশগত স্থায়ী পরিবর্তন অবশ্যম্ভাবী। ডারবান চুক্তি কার্যকর হবে আট বছর পর।গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী বড় দেশগুলোকে ২০২০ সাল নাগাদ গ্যাস নিঃসরণ কমাতে বাধ্য করার বিষয়ে গত রোববার ডারবানে সম্মত হয়েছে বিশ্বের দেশগুলো। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, বৈশ্বিক উষ্ণতা কমাতে এই পরিকল্পনা পর্যাপ্ত নয়।বিশ্লেষকেরা জানিয়েছেন, বিশ্বের সবচেয়ে বড় গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশ চীনকে তাদের কয়লাভিত্তিক জ্বালানি উৎপাদন কমাতে হবে এবং উন্নত বিশ্বকেও জ্বালানির নতুন সূত্র খুঁজতে বিপুল পরিমাণ ব্যয় করতে হবে। কিন্তু তাঁরা মনে করছেন, এই বিপুল ব্যয় পরিকল্পনায় রাজনৈতিক সদিচ্ছা খুবই কম।গত ২০ বছরের আলোচনায় গ্রিনহাউস গ্যাস নির্গমন বিষয়ে জাতিসংঘ শুধু একটি কাজ করতে পেরেছে; তা হচ্ছে, ১৯৯৭ সালে কিয়োটো প্রটোকল গ্রহণ। উন্নত দেশগুলোর অনীহায় তাও ধূসর হয়ে যাচ্ছে। ওই প্রটোকলের আশা বাঁচিয়ে রাখতে করা হলো ডারবান চুক্তি। এ চুক্তিও ২০২০ সালের আগে কার্যকর হবে না।সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশ চীন, যুক্তরাষ্ট্র ও ভারত বর্তমানে মোট গ্রিনহাউস গ্যাসের প্রায় অর্ধেক নিঃসরণ করে এবং তারা কিয়োটো প্রটোকলের আওতায় নয়। আর নতুন চুক্তি যেহেতু কার্যকর হবে ২০২০ সালে, কাজেই এর আগ পর্যন্ত গ্রিনহাউস গ্যাস কমানোর বিষয়ে তাদের কোনো বাধ্যবাধকতা থাকবে না।চীন ও ভারত বলছে, এখন গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে গেলে তাদের দ্রুত বর্ধনশীল অর্থনীতি হুমকির মুখে পড়বে। এতে তাদের দেশের কোটি কোটি দরিদ্র মানুষের জীবনযাত্রার মান বাড়ানোর চেষ্টা ব্যাহত হবে। রয়টার্স।