সমস্যা সমাধানে পৃথক রাষ্ট্র গঠনের দিকে এগুতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ইসরায়েল-ফিলিস্তিন সমস্যা সমাধানে পৃথক রাষ্ট্র গঠনের দিকেই এগিয়ে যেতে হবে। গাজার পরিস্থিতিকে অস্থিতিশীল উল্লেখ করে তিনি ফিলিস্তিনের জন্য ৪০ কোটি ডলার সহায়তা দেওয়ার অঙ্গীকার করেন। হোয়াইট হাউসে গত বুধবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট ওবামা এ কথা বলেন। তিনি ইসরায়েলি ও ফিলিস্তিনি নেতাদের আলোচনার টেবিলে ফিরে আসারও আহ্বান জানান। ওবামা বলেন, গাজার পরিস্থিতি অস্থিতিশীল হওয়া মানে শুধু ওই অঞ্চলের নয়, পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতিই অস্থিতিশীল হবে। তাই সময় এসেছে, পৃথক রাষ্ট্র গঠনের মাধ্যমে এ সমস্যা সমাধান করার।প্রেসিডেন্ট ওবামা ইসরায়েলকে পশ্চিম তীরে ইহুদি বসতি নির্মাণ বন্ধেরও আহ্বান জানান। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হতে পারে, এমন কোনো কাজ না করতে ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানান তিনি। বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট বলেন, শান্তি আলোচনার পরিবেশ সৃষ্টি করতে দুই পক্ষকেই কাজ করতে হবে।গাজা অভিমুখী বিভিন্ন দেশের ত্রাণবাহী নৌবহরে ইসরায়েলি বাহিনীর হামলাকে তিনি ‘করুণ’ ঘটনা বলে উল্লেখ করেন। এ ব্যাপারে একটি ‘বিশ্বাসযোগ্য’ তদন্তে যুক্তরাষ্ট্র সহায়তা করবে বলে তিনি জানান। কিন্তু গাজা থেকে ইসরায়েলি অবরোধ তুলে নেওয়ার ব্যাপারে প্রেসিডেন্ট আব্বাসের দাবির প্রতি সমর্থন জানাননি ওবামা। মাহমুদ আব্বাস ইসরায়েলের প্রতি কঠোর অবস্থান নিতে ওবামার প্রতি আহ্বান জানান। আব্বাস বলেন, গাজার ওপর থেকে ইসরায়েলি অবরোধ প্রত্যাহার করতে হবে। বিবিসি, রয়টার্স।