যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সরকার সব সমস্যার সমাধান করতে পারে না। সমস্যা সমাধানে কাজ করার দায়িত্ব সবার।নির্বাচনী প্রচারণায় উইসকনসিন অঙ্গরাজ্যে গিয়ে গত শনিবার এক বক্তৃতায় ওবামা এ কথা বলেন। জরিপে এই অঙ্গরাজ্যে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনির চেয়ে এগিয়ে আছেন ওবামা। উইসকনসিনের মিলাউকে থিয়েটারে বক্তৃতায় ওবামা বলেন, ‘আমরা এটা মনে করি না যে সরকার সব সমস্যার সমাধান করবে। এটাও মনে করি না যে আমরা যত চ্যালেঞ্জ মোকাবেলা করি, তার জন্য এককভাবে কেউ দায়ী। তবে বিশ্বাস করি, এসব সমস্যা সমাধানে কাজ করার দায়িত্ব সবার।’ ২০০৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনে উইসকনসিনে জয় পেয়েছিলেন ওবামা। তবে এবার এই অঙ্গরাজ্য থেকে জয় পাওয়া তাঁর জন্য কঠিন হবে বলে মনে করা হচ্ছে। কারণ, এখানে জন্ম নেওয়া পল রায়ানকে রানিংমেট হিসেবে বেছে নিয়েছেন রমনি। এ ছাড়া গত জানুয়ারিতে এখানে গভর্নর নির্বাচনে রিপাবলিকান পার্টির নেতা স্কট ওয়াকার জয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছিলেন ৫২ শতাংশ। তাঁর এ জয়ে অবশ্য তৃণমূল পর্যায়ের রমনির কিছু সমর্থকের ও রক্ষণশীল টি পার্টির নেতা-কর্মীর সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগামী ৬ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। রয়টার্স।