সমাজের নৈতিক অবক্ষয় ঠেকাতে লড়াইয়ের ঘোষণা ক্যামেরনের
সমাজের নৈতিক অবক্ষয় ঠেকাতে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তিনি বলেছেন, প্রয়োজনে কঠোর আইন করা হবে।গতকাল সোমবার মধ্য ইংল্যান্ডের উইটনিতে নিজের নির্বাচনী এলাকায় এক জনসভায় ভাষণ দেওয়ার কথা ছিল ক্যামেরনের। তাঁর ভাষণের অনুলিপি দেওয়া হয় বিভিন্ন গণমাধ্যমে। সেখানে তিনি এসব কথা বলেন।গত সপ্তাহে লন্ডনসহ আশপাশের কয়েকটি স্থানে টানা চার রাত ধরে দাঙ্গা-বিশৃঙ্খলা ও লুটপাট-অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় দাঙ্গাবাজদের হামলায় নিহত হয় পাঁচজন। এ ঘটনার জন্য সমাজের নৈতিক অবক্ষয়ই দায়ী বলে মনে করছেন প্রধানমন্ত্রী ক্যামেরন। তিনি বলেন, কোনো রাজনৈতিক প্রতিবাদ বা বিক্ষোভ থেকে নয়, স্রেফ লুটপাটের জন্য সুযোগসন্ধানী কিছু লোক এ ঘটনা ঘটিয়েছে।চার রাতের ওই ভাঙচুর ও লুটপাটে অংশ নিয়েছিল ১১ বছরের শিশু-কিশোর থেকে শুরু করে স্কুল-কলেজের ছাত্র-শিক্ষক ও ধনীর দুলালেরা পর্যন্ত।ভাষণে প্রধানমন্ত্রী ক্যামেরন বলেন, ‘আমরা জানি ভুলটা কোথায় হয়েছে। এখন প্রশ্ন হলো, বিগত কয়েক প্রজন্মে আমাদের দেশের বিভিন্ন অংশে যে ধীরগতির নৈতিক অবক্ষয় ঘটে চলেছে, তা প্রতিরোধের মতো দৃঢ়তা কি আমাদের আছে?’ক্যামেরনের মতে, দায়িত্বহীনতা, স্বার্থপরতা, পারিবারিক অশান্তি, মা-বাবার বিচ্ছেদে সন্তানদের একা বেড়ে ওঠা, শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলার অভাব, পরিশ্রম না করেই অনেক কিছু পেয়ে যাওয়া—এসব গত সপ্তাহের ওই দাঙ্গার জন্য দায়ী। তিনি বলেন, ‘এ ঘটনা আমাদের সমাজের জন্য জেগে ওঠার আহ্বান।’ক্যামেরন বলেন, ভবিষ্যতে সরকারের সব নীতিই এমনভাবে প্রণয়ন করা হবে, যাতে স্বামী-স্ত্রীর বিচ্ছেদ নিরু ৎ সাহিত হয়। যারা দাঙ্গায় অংশ নিয়েছে, তাদের অনেকেই বাবা বা কোনো তত্ত্বাবধানকারী ছাড়াই বেড়ে উঠেছে।ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘গত সপ্তাহে বিভিন্ন শহরে যখন দাঙ্গা চলছে, তখন মানুষ বারবার প্রশ্ন করেছেন, এসব ছেলেমেয়ের মা-বাবারা কোথায়? যাঁরা এ কথা বলেছেন, তাঁরা একটু খেয়াল করলে দেখতে পাবেন, তারা হয় বাড়িতে একা থাকে, না হয় তাদের যথার্থ পরিচর্যা হয়নি বা বখে গেছে।’বিদ্যালয়ে শিক্ষার্থীরা যাতে নৈতিক শিক্ষা পায়, তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন ক্যামেরন। একই সঙ্গে দাঙ্গাবাজির সংস্কৃতি প্রতিহত করতে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ক্যামেরন।একই সঙ্গে রাজনীতিবিদদের সমালোচনা করে ক্যামেরন বলেন, রাজনীতিবিদেরা ঝুঁকিহীন নৈতিক নিরপেক্ষতা নিয়ে পড়ে আছেন। চিহ্নিত হয়ে পড়ার ভয়ে তাঁরা মুখ ফুটে বলতেও চান না কোনটা সঠিক আর কোনটা ভুল।ক্যামেরন বলেন, ‘নৈতিক নিরপেক্ষতা সহজে ভাঙা যাবে না। কাজেই আমাদের নিরাপত্তার লড়াইয়ের সঙ্গে সামাজিক লড়াইও চালাতে হবে।’ এএফপি, রয়টার্স।