ইউক্রেন সংকটের একটি স্থায়ী সমাধানের উপায় খুঁজতে এখন কিয়েভমুখী পশ্চিমা শীর্ষ কূটনীতিকেরা। টানা বিক্ষোভের জের ধরে অর্থনৈতিকভাবে বিপর্যন্ত দেশটিতে গতকাল মঙ্গলবার একজন নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণার কথা ছিল।
রাশিয়াপন্থী প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সম্প্রতি প্রায় ১০০ জনের প্রাণহানি ঘটে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে ‘গণহত্যা’র অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। টানা তিন মাসের বেশি সময় ধরে চলা বিক্ষোভের শুরুটা হয়েছিল গত নভেম্বরে ইয়ানুকোভিচের একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে। তখন তিনি রাশিয়ার চাপে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে একটি চুক্তি থেকে সরে এলে ইইউপন্থী নাগরিকেরা ক্ষুব্ধ হয়ে কিয়েভের রাস্তায় নামে, যা পরে ইয়ানুকোভিচ-বিরোধী বিক্ষোভে রূপ নেয়।
ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশটন গত সোমবার কিয়েভে পৌঁছান। তিনি ইউক্রেনের অন্তর্বর্তী নেতা ওলেকসান্দর তুরচায়নভের সঙ্গে সাক্ষাৎ করেন। এ ছাড়া দেশটির নতুন পরিস্থিতিতে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম বার্নসকে গতকাল কিয়েভের উদ্দেশে পাঠিয়েছে ওয়াশিংটন। আর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ শিগগিরই কিয়েভ সফর করবেন বলে জানা গেছে।
পশ্চিমা সরকারগুলো ইউক্রেনের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ইয়ানুকোভিচকে উৎখাতের ঘটনাকে অত্যন্ত সতর্কতার সঙ্গে সমর্থন দিয়েছে। অন্যদিকে রাশিয়া এ ঘটনাকে ‘বিদ্রোহ’ আখ্যা দিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।
ইউক্রেনের অন্তর্বর্তী সরকারকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি না দিলেও তারা দেশটিতে আগাম নির্বাচনের জন্য একটি টেকনোক্র্যাট সরকার গঠনের আহ্বান জানিয়েছে। এএফপি ও রয়টার্স।