মালদ্বীপের রাজনৈতিক সংকট সমাধানে সহায়তা দেওয়ার উদ্দেশ্যে সে দেশে গেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক। গতকাল শনিবার তিনি মালদ্বীপের রাজধানী মালে পৌঁছান। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, মালদ্বীপে কীভাবে ক্ষমতা হস্তান্তরিত হয়েছে, তা জানার চেষ্টা করবেন রবার্ট ব্লেক। মার্কিন কর্মকর্তারা জানান, এ সফরে তিনি দেশটির নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদ হাসান ও বিরোধীদের সঙ্গে বৈঠক করবেন।মালদ্বীপের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের নির্বাচন দেওয়ার দাবি নাকচ করে দিয়েছেন নতুন প্রেসিডেন্ট ওয়াহিদ হাসান। তাঁর মুখপাত্র মাসুদ ইমাদ বলেন, ‘একজন সাবেক প্রেসিডেন্ট চাইলেই নির্বাচন দেওয়া যায় না। সাংবিধানিক প্রক্রিয়া আছে। সংবিধান অনুযায়ী ২০১৩ সালে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্ধারিত সময়েই নির্বাচন হবে।’ তিনি আরও বলেন, ‘ক্ষমতা আঁকড়ে থাকার কোনো ইচ্ছা প্রেসিডেন্ট ওয়াহিদের নেই।’ মালদ্বীপে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট নাশিদ গত মঙ্গলবার পদত্যাগ করেন। কয়েক সপ্তাহ ধরে সরকারবিরোধী বিক্ষোভ এবং কিছু পুলিশ কর্মকর্তার বিদ্রোহের কারণে পদত্যাগ করেন তিনি। তবে পরে তিনি বলেন, তাঁকে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য করা হয়েছে। নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদ হাসান। এএফপি।