ইন্টারনেট ব্যবস্থাপনায় ১৯৩টি দেশের সমান অধিকারের দাবির প্রস্তাব থেকে সরে এসেছে রাশিয়া। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে অনুষ্ঠিত জাতিসংঘ সম্মেলনে মস্কো এ সিদ্ধান্ত জানিয়েছে। যুক্তরাষ্ট্র ইতিপূর্বে আন্তর্জাতিক টেলিযোগাযোগ চুক্তিতে মস্কোর প্রস্তাব অন্তর্ভুক্ত করার ব্যাপারে বাধা দেবে বলে হুমকি দিয়েছিল। রাশিয়া ও তার মিত্র দেশগুলো এখন তাদের প্রস্তাবের নতুন করে খসড়া তৈরি করছে। পরে তা সম্মেলনে উপস্থাপন করা হবে।আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) সম্মেলন সামনে রেখে ইন্টারনেটের ওপর সম-অধিকারের প্রস্তাব করেছিল রাশিয়া। গত শুক্রবার আইটিইউ সম্মেলনে প্রস্তাবটি উত্থাপন করা হলে তাতে আরও অনেক দেশ সমর্থন জানায়।ইন্টারনেটের বিদ্যমান ব্যবস্থাপনা অনুযায়ী, ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বার্স অথরিটি (ইয়ানা) কে নিয়ন্ত্রণ করবে, সেই সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। রাশিয়া প্রস্তাব করেছিল, সব রাষ্ট্রেরই ইন্টারনেট ব্যবস্থাপনায় (নাম্বারিং, নেমিং, অ্যাড্রেসিং ও আইডেনটিফিকেশন) সমান অধিকার থাকবে। এর জবাবে আন্তর্জাতিক টেলিযোগাযোগ-সংক্রান্ত বিশ্ব সম্মেলনের (ডব্লিউসিআইটি) মার্কিন দূত টেরি ক্র্যামার বলেন, এটি ভালো উদ্যোগ। তবে সম্মেলনের বাকি দিনগুলোতেও ইন্টারনেট ব্যবস্থাপনার বিষয়ে অন্য কোনো কাঠামোয় আলোচনা চলবে। বিবিসি