সমান আসন পাবে প্রধান দুই দল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ইতিহাসে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনগুলোর একটি অনুষ্ঠিত হলো গতকাল বৃহস্পতিবার। নির্বাচনের আগের রাতে প্রকাশিত সর্বশেষ জরিপে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি ও বিরোধী দল লেবার পার্টি সমানসংখ্যক আসন পাবে বলে আভাস মিলেছে। জরিপে বলা হচ্ছে, কোনো দলই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পাচ্ছে না।
গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাতটা থেকে (বাংলাদেশ সময় দুপুর ১২টা) ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় স্থানীয় সময় রাত ১০টায় (বাংলাদেশ সময় রাত তিনটা)। আজ শুক্রবার বিকেলে ভোটের চূড়ান্ত ফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশি বংশোদ্ভূত ১১ জন প্রার্থী এই প্রধান তিনটি দলের মনোনয়নে প্রার্থী হয়েছেন।
যুক্তরাজ্যের মোট ৬৫০টি সংসদীয় আসনের মধ্যে সরকার গঠন করতে পেতে হয় ৩২৬ আসন। নির্বাচনের আগের রাতে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান প্রকাশিত সর্বশেষ জরিপে বলা হয়েছে, কনজারভেটিভ এবং লেবার—উভয় দলই ২৭৩টি করে আসন জিততে পারে। লিবারেল ডেমোক্র্যাটস ২৭ আসন এবং ইউকে ইনডিপেনডেন্ট পার্টি দুটি আসন পেতে পারে। অন্যদিকে স্কটল্যান্ডের ৫৯টি আসনের ৫২টিই স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) পেতে পারে।
সর্বশেষ প্রকাশিত অ্যাসক্রফটের জরিপে বলা হচ্ছে, কনজারভেটিভ পার্টি ও লেবার পার্টি ৩৩ শতাংশ করে ভোট পাবে।
যুক্তরাজ্য থেকে আলাদা হয়ে স্বাধীন স্কটল্যান্ড প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে এই এসএনপি। ফলে সরকার গঠনের জন্য এই দলটির সঙ্গে জোট গঠন নিয়ে বিব্রতকর অবস্থায় থাকবে অন্য দলগুলো। এ কারণে সরকার গঠনে বড় দলগুলো কাঙ্ক্ষিত মিত্র পাবে কি না, তা নিয়েও আছে সংশয়। স্থিতিশীল সরকার গঠনে ব্যর্থ হলে শিগগিরই আরেকটি নির্বাচনের আভাসও দিচ্ছেন কেউ কেউ।
নির্বাচন উপলক্ষে যুক্তরাজ্যে সরকারি ছুটি ঘোষণা করা হয় না। কাজের ফাঁকে ফাঁকে নিজ নিজ সময় অনুযায়ী ভোট দেন ভোটাররা। সংবাদমাধ্যমে চোখ না রাখলে কিংবা ভোটকেন্দ্রে না গেলে বোঝার উপায় নেই যে দেশটিতে সাধারণ নির্বাচন হচ্ছে। পূর্ব লন্ডনের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটকেন্দ্রগুলোয় মানুষের তেমন কোনো জটলা নেই। রাজনৈতিক নেতা-কর্মীদেরও দৌড়ঝাঁপও চোখে পড়েনি। যে যাঁর মতো এসে ভোট দিয়ে যাচ্ছেন। তবে ভোটের দিনও দলগুলোর কর্মীরা বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে মানুষকে ভোট দেওয়ার কথা স্মরণ করিয়ে দেন।
কনজারভেটিভ পার্টির নেতা প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সকাল নয়টায় তাঁর নির্বাচনী আসন অক্সফোর্ডশায়ারের উইটনিতে স্ত্রী সামান্থাকে সঙ্গে নিয়ে ভোট দেন। লেবার পার্টির এড মিলিব্যান্ড সকাল আটটার আগেই স্ত্রী জাস্টিনকে নিয়ে নিজ আসন ডংকাস্টার নর্থের একটি কেন্দ্রে ভোট দেন। লিবারেল ডেমোক্র্যাটস নেতা নিক ক্লেগ তাঁর স্প্যানিশ স্ত্রী মরিয়াম গঞ্জালেজকে নিয়ে ভোট দেন শেফিল্ড হ্যালাম আসনের একটি কেন্দ্রে।
বাঙালিপাড়ায় বিশেষ পাহারা: বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস বারায় ভোট জালিয়াতি রোধে বিশেষ ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। ওই এলাকার প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশি পাহারা বসানো হয়। এটাই ছিল একমাত্র বারা, যেখানে ভোট জালিয়াতি ঠেকাতে পুলিশি উপস্থিতির প্রয়োজন পড়ে।
গতকাল লন্ডনের ভোটকেন্দ্রগুলো ঘুরে দেখা যায়, কেন্দ্রগুলোতে পুলিশের পাশাপাশি ভোটকেন্দ্রের সামনে বিশেষ লাইন টেনে দেওয়া হয়েছে। যার বাইরে সমর্থকদের অবস্থান করতে হয়। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল জানায়, সর্বমোট ৩৪০ জন পুলিশ সদস্য ভোটকেন্দ্রগুলোতে দায়িত্বে ছিলেন।
ভোট দিতে আসা টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বাসিন্দা শাহাব উদ্দিন বলেন, এটা বড় লজ্জার বিষয়।
নির্বাচনে ধর্মের অপব্যবহার, ভোট জালিয়াতি, ভোটারদের প্রভাবিত করা এবং ভোটকেন্দ্রের সামনে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টার দায়ে সম্প্রতি বাংলাদেশি বংশোদ্ভূত লুৎফুর রহমান টাওয়ার হ্যামলেটসের মেয়র পদ হারান।