সমালোচনা করে পাল্টা তোপের মুখে বিলাওয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ও পিএমএল-এনের সমালোচনা করে তোপের মুখে পড়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। দল দুটির নেতারা বিলাওয়ালকে ‘স্বঘোষিত নেতা’ এবং ‘রাজনৈতিক জ্ঞানহীন শিশু’ বলে মন্তব্য করেছেন।
ক্ষমতাসীন পিএমএল-এনের তথ্যসচিব মুশাহিদুল্লাহ খান বলেছেন, বিলাওয়াল ইঁদুরের গর্তে অবস্থান করে বাঘ শিকারের কথা বলছেন। আগামী নির্বাচনে ‘কাগজের বাঘদের’ ঘায়েল করা হবে—বিলাওয়ালের এ মন্তব্যের জবাবে মুশাহিদুল্লাহ এ কথা বলেন।
ডনকে দেওয়া সাক্ষাৎকারে পিএমএল-এনের তথ্যসচিব আরও বলেন, ‘মনে হয়, বিলাওয়াল ভুট্টো ভিডিও গেমসে বাঘ শিকার করছেন। সত্যিকারের বাঘের তেজ সম্পর্কে তাঁর কোনো ধারণাই নেই।’
পিটিআইয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বিলাওয়াল বখে যাওয়া এক কাপুরুষ প্রকৃতির ছেলে। তিনি অহেতুক পিটিআইয়ের নেতা ইমরান খানের সমালোচনা করছেন। পিটিআই।