সমালোচনাকে পাত্তা দেন না রাজাপক্ষে
প্রধান বিচারপতি শিরানি বন্দরনায়েককে অপসারণ করায় আন্তর্জাতিক বিশ্বে নিন্দিত হতে পারেন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে, কিন্তু বিশ্লেষকেরা বলছেন—রাজাপক্ষে সেই নিন্দা থোড়াই কেয়ার করেন। বাইরের সমালোচনা কখনোই পাত্তা দেন না তিনি।তামিল বিদ্রোহীদের শক্ত হাতে দমন করে এমনিতেই পশ্চিমাদের বিরাগভাজন রাজাপক্ষে। এবার প্রধান বিচারপতিকে অভিশংসিত করে এবং একজন সরকারি উপদেষ্টাকে তাঁর স্থলাভিষিক্ত করে পশ্চিমা শক্তিগুলোকে আরও খেপিয়ে তুলেছেন তিনি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, প্রধান বিচারপতিকে অভিশংসন করায় শ্রীলঙ্কার ক্ষমতার বিভাজন নিয়ে মারাত্মক প্রশ্নের সৃষ্টি হয়েছে। অথচ একটি সুস্থ গণতন্ত্রের প্রধান শর্তই হচ্ছে ক্ষমতার বিভাজন।বন্দরনায়েককে অপসারণ করায় কমনওয়েলথ, ইউরোপীয় ইউনিয়ন ও সাবেক ঔপনিবেশিক শক্তি যুক্তরাজ্যও শ্রীলঙ্কার সমালোচনা করেছে।কিন্তু লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চাথাম হাউসের জ্যেষ্ঠ গবেষক গ্যারেথ প্রাইস বলেন, শ্রীলঙ্কা যা কিছু সিদ্ধান্তই নেয়, তাতে চীনের কাছ থেকে প্রকাশ্য সমর্থন পায়। ফলে পশ্চিমারা যতই উচ্চবাচ্য করুক, তাতে সামান্যই কর্ণপাত করে কলম্বো। তিনি বলেন, ‘গৃহযুদ্ধের শেষদিকে সেনা অভিযান নিয়ে পশ্চিমারা কম সমালোচনা করেনি। কিন্তু তাতে শ্রীলঙ্কা সরকারের ওপর কোনো প্রভাব পড়েনি। এএফপি।