তিস্তার পানির বর্তমান অবস্থা, কতটুকু বাড়তি পানি বাংলাদেশে দেওয়া যায় বা পশ্চিমবঙ্গে কত পানি প্রয়োজন ইত্যাদি নিয়ে সমীক্ষা শুরু করেছে ভারতের কেন্দ্রীয় পানি কমিশন। গত বৃহস্পতিবার কলকাতায় পানি সংরক্ষণ নিয়ে বণিক সভা আয়োজিত এক বৈঠকে কমিশনের চেয়ারম্যান অশ্বিন পাণ্ডে এ কথা জানান।
বৈঠকের পর অশ্বিন পাণ্ডে বলেন, পশ্চিমবঙ্গে কতটা জল দরকার, বাংলাদেশেরই বা কতটা জল দরকার, তা প্রথমেই নির্ণয় করা দরকার। এর জন্য কারিগরি ও আর্থসামাজিক সমীক্ষা প্রয়োজন। সেই কাজ শুরুও হয়েছে। আশা করা যায়, সর্বসম্মতিতেই সিদ্ধান্তে পৌঁছানো যাবে।
একই সঙ্গে অশ্বিন পাণ্ডে বলেন, ‘তিস্তার জল যেমন পশ্চিমবঙ্গের প্রয়োজন, তেমনই প্রয়োজন প্রতিবেশী বাংলাদেশেরও।’
২০১১ সালের সেপ্টেম্বর মাসে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরকালে ভারত-বাংলাদেশ তিস্তার পানি বণ্টন চুক্তি সম্পাদন করার কথা ছিল।
কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে তা স্থগিত হয়ে যায়। এরপর ভারত সরকার এই চুক্তি সম্পাদনের জন্য বারবার উদ্যোগ নিলেও আপত্তি তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।