সমীক্ষায় বিজেপির পালে হাওয়া
জনমত সমীক্ষা যদি কোনো ইঙ্গিত হয়, ২০১৪ সালের ক্ষমতা দখলের লড়াইয়ে নরেন্দ্র মোদিকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তা হলে আশায় বুক বাঁধতেই পারে। কারণ, গো-বলয়ের যে চারটি রাজ্যে এ বছরের নভেম্বর মাসে বিধানসভার নির্বাচন হতে চলেছে, সমীক্ষার ফল অনুযায়ী সেগুলোর তিনটিই থাকছে বিজেপির জিম্মায়, একটিতে নিরঙ্কুশ প্রাধান্য কেউ পাচ্ছে না। সেখানেও কংগ্রেসকে বেকায়দায় ফেলবে বিজেপি।
নির্বাচনী সমীক্ষায় পারদর্শী সি-ভোটার ও টাইমস নাউয়ের এই জরিপের ফল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে।
নভেম্বরে ভোট হবে দিল্লি, রাজস্থান, মধ্য প্রদেশ, ছত্তিশগড় ও মিজোরাম বিধানসভার। মিজোরাম ছাড়া বাকি চার রাজ্যই গো-বলয়ের। এগুলোর মধ্যে দিল্লি ও রাজস্থানে রয়েছে কংগ্রেসের সরকার আর মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে আছে বিজেপির শাসন। সমীক্ষা অনুযায়ী, রাজস্থানের ২০০টি আসনের মধ্যে বিজেপি এবার ১১৮টি দখল করে কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করতে চলেছে। অশোক গেহলটের জায়গায় মুখ্যমন্ত্রী হবেন বসুন্ধরা রাজে সিন্ধিয়া। মধ্যপ্রদেশেও ২৩০টি আসনের মধ্যে ১৩০টি পেয়ে মুখ্যমন্ত্রী শিবরাম সিং চৌহান তাঁর রাজ্যপাট ধরে রাখতে চলেছেন। ছত্তিশগড়ের ৯০টি আসনের মধ্যে আগের তুলনায় কম পেলেও মুখ্যমন্ত্রী রামন সিংকে এবারও কংগ্রেস সরাতে পারছে না। শুধু দিল্লিতেই শক্ত অবস্থানে আছেন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত।
ভারতের ২৮টি রাজ্য ও সাতটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সাতটি রাজ্যে একেবারে সরাসরি লড়াই কংগ্রেসের সঙ্গে বিজেপির। যে চারটিতে এই নভেম্বরে ভোট হবে, তার বাইরে থাকছে গুজরাট, হিমাচল প্রদেশ ও উত্তরাখন্ড। সাতটি রাজ্যে লোকসভা আসন ১০৮টি। এর বাইরে যে দুই রাজ্যের ওপর বিজেপি বাজি ধরছে, সে দুটি হলো উত্তর প্রদেশ ও বিহার। এই দুই রাজ্যের আসনসংখ্যা ১২০। মোদিকে সামনে রেখে একাধারে হিন্দুত্ব ও উন্নয়নের জোড়া রথ চালিয়ে বিজেপি মনে করছে, এই রাজ্যগুলো থেকে শতাধিক আসন তারা কবজা করতে পারবে। বাকি রাজ্য থেকে আরও শ খানেক পেলেই কেন্দ্রে সরকার গঠনে সমর্থনের অভাব হবে না।
শেষ পর্যন্ত ২০১৪ সালের লড়াইটা নিশ্চিতভাবেই হয়ে দাঁড়াবে মোদির পক্ষে-বিপক্ষে গণভোট। এবং সেই গণভোটের আধারেই লড়াইটা হবে ধর্মনিরপেক্ষতা বনাম সাম্প্রদায়িকতার। মোদির কারণে যেভাবে গো-বলয়ে ধর্মভিত্তিক মেরুকরণ ঘটছে, তাতে বিজেপি ও সংঘ পরিবার উৎফুল্ল। চার রাজ্যের ভোট মিনি সাধারণ নির্বাচন হতে চলেছে। তাতে বিজেপির জয় তাদের আরও আক্রমণাত্মক করে তুলবে এবং কংগ্রেসবিরোধী প্রচারকে করে তুলবে ক্ষুরধার। কংগ্রেস এখনো মোদির পাল্টা প্রধানমন্ত্রী প্রার্থীর নাম ঘোষণা না করায় বিজেপি খুশি। কারণ, কংগ্রেসের এই আপাত নেতৃত্বহীনতা হবে বিজেপির প্রচারের একটা বড় হাতিয়ার।