সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির রেকর্ড হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বে চলতি বছর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা রেকর্ড মাত্রায় বেড়েছে, জলবায়ু হয়েছে আরও চরমভাবাপন্ন। ফলে হাইয়ানের মতো শক্তিশালী টাইফুনসহ বেশিসংখ্যক ছোট-বড় ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে, যা উপকূলীয় অঞ্চলের জনজীবন চরম ঝুঁকির মধ্যে ফেলছে। গতকাল বুধবার বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

ডব্লিউএমওর প্রধান মাইকেল জারাউড গতকাল বুধবার পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে চলমান জলবায়ু সম্মেলনে তাঁদের প্রতিবেদন প্রকাশ করেন। বিশ্বের অন্তত ২০০ দেশের প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন।
বিশ্ব জলবায়ু নিয়ে ডব্লিউএমওর ওই অন্তর্বর্তী প্রতিবেদনে আরও বলা হয়, রেকর্ড সংরক্ষণ করা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সবচেয়ে উষ্ণ বছরগুলোর একটি ছিল ২০১৩ সাল।

ডব্লিউএমওর প্রধান মাইকেল জারাউড জলবায়ু সম্মেলনে বলেন, গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়গুলো সরাসরি জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত না হলেও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জনজীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। ফিলিপাইনে টাইফুন হাইয়ানের ধ্বংসযজ্ঞ তা প্রমাণ করেছে।

গত বছরের শেষ দিকে ফিলিপাইনে আঘাত হেনেছিল টাইফুন বোফা। সেই আঘাতের ক্ষয়ক্ষতি সামলে উঠতে না-উঠতেই হাইয়ানের আঘাতে বিপর্যস্ত হয়েছে দেশটি। হাইয়ান বিশ্বে এ পর্যন্ত সবচেয়ে প্রচণ্ড সামুদ্রিক ঝড় এবং ফিলিপাইনের ইতিহাসে সবচেয়ে শক্তিশালীগুলোর একটি।

জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের সম্পর্ক নিয়ে এখনো কিছু প্রশ্ন রয়ে গেছে।
ডব্লিউএমওর প্রতিবেদনে বলা হয়, বিংশ শতাব্দীতে প্রতিবছর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়েছে দশমিক শূন্য ৬ ইঞ্চি করে। চলতি বছরের মার্চে তা বেড়ে দ্বিগুণ হয়েছে। এএফপি ও রয়টার্স।