সমুদ্রসীমা বিতর্কে চীনকে অবমূল্যায়ন করেছে জাপান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব চীন সাগরে বিরোধপূর্ণ দ্বীপের ব্যাপারে জাপান সরকার চীনকে অবমূল্যায়ন করেছে। বেইজিংয়ে দায়িত্ব পালনকারী জাপানের সাবেক রাষ্ট্রদূত উইচিরো নিওয়া গতকাল সোমবার এ মন্তব্য করেন। সেনকাকু বা দিয়াওউ দ্বীপ এলাকা নিয়ে চীন ও জাপানের মধ্যে বিরোধ রয়েছে। জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা গত সেপ্টেম্বরে ওই দ্বীপ এলাকা সরকারিভাবে কিনে নেওয়ার ঘোষণা দেন। নিওয়া গতকাল টোকিওতে এক সংবাদ সম্মেলনে বলেন, দ্বীপ কিনে নেওয়ার মতো এমন একটি সিদ্ধান্ত তখন কী কারণে তাড়াহুড়ো করে নেওয়া হয়েছিল, তা স্পষ্ট নয়। ব্যক্তিমালিকানাধীন ওই দ্বীপ জাপান সরকার জাতীয়করণ করেছে। কিন্তু জলসীমায় যেকোনো বিষয়ের মালিকানা পরিবর্তন হলে, তা কূটনৈতিক বিষয়ে পরিণত হয়। বিষয়টি জাপানের আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল। নিওয়া আরও বলেন, জাপান বিষয়টি নিয়ে চীনকে কূটনৈতিক ব্যাখ্যা দিতে পারত। নোদার ঘোষণাটি ছিল চীনের প্রেসিডেন্ট হু জিনতাওয়ের প্রতি অবমাননার শামিল। ফলে বিষয়টি নিয়ে চীনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া হয়েছে। মান-অপমানের বিষয়গুলোকে চীন অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে। কিন্তু জাপান এ ব্যাপারে চীনকে অবমূল্যায়ন করেছে। এএফপি।