সম্পদ কমছে ভারতের ধনীদের
সম্পদ কমে যাচ্ছে ভারতের ধনকুবেরদের। গত এক বছরে দেশটির শীর্ষ ১০০ ধনী ব্যক্তির মোট সম্পদের পরিমাণ ২০ শতাংশ কমেছে। আর শীর্ষ ১০ ধনীর কমেছে ২৫ শতাংশ। তা ছাড়া গত বছরের তুলনায় এ বছর বিলিয়নিয়ারের সংখ্যাও কমেছে। বিশ্বখ্যাত ফোর্বস সাময়িকী গতকাল বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করেছে। মূল্যস্ফীতি, শেয়ারবাজারের পতন ও দুর্নীতির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে সাময়িকীটি উল্লেখ করেছে। রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি যথারীতি এবারও ভারতের শীর্ষ ধনীর স্থানটি ধরে রেখেছেন। তাঁর মোট সম্পদের পরিমাণ দুই হাজার ২২৬ কোটি মার্কিন ডলার। এ বছর তাঁর ৪৪০ কোটি ডলারের সমপরিমাণ সম্পদ কমেছে। তবে তিনি এই সময় মুম্বাইয়ে ১০০ কোটি ডলার ব্যয়ে একটি ২৭ তলার বিলাসবহুল বাড়িও নির্মাণ করেছেন। ক্ষতিগ্রস্ত ধনকুবেরদের মধ্যে সবার চেয়ে এগিয়ে আছেন মুকেশ আম্বানির ছোট ভাই অনিল আম্বানি। তাঁর মোট সম্পদ এক হাজার ৩৩০ কোটি ডলার থেকে নেমে ৫৯০ কোটি ডলারে এসে দাঁড়িয়েছে। অনিলের রিলায়েন্স গ্রুপের কোম্পানিগুলো এ বছর মুম্বাই শেয়ারবাজারে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে। তাঁর টেলিকম প্রতিষ্ঠান রিলায়েন্স কমিউনিকেশন্স এক বছরে ৭৫০ কোটি ডলার ঋণ করেছে। এই ঋণসংকট থেকে এখনো কাটিয়ে উঠতে পারেনি প্রতিষ্ঠানটি।ফোর্বস ইন্ডিয়া রিচ লিস্ট অনুযায়ী, ২০১১ সালে ভারতের শীর্ষ ১০০ ধনীর মোট সম্পদের পরিমাণ কমে দুই হাজার ৪১০ কোটি ডলারে এসে দাঁড়িয়েছে। অথচ ২০১০ সালেও এই সম্পদের পরিমাণ ছিল তিন হাজার কোটি ডলার। সম্পদের পাশাপাশি ধনকুবেরদের সংখ্যাও কমেছে। ২০১০ সালে ভারতে মোট বিলিয়নিয়ার ছিলেন ৬৯ জন। এ বছর তা কমে দাঁড়িয়েছে ৫৭ জনে। ফোর্বস এশিয়ার ভারতীয় সম্পাদক নাজনিন কারমালি এক বিবৃতিতে বলেছেন, ‘এ বছরটি ভারতের ধনকুবেরদের জন্য এক অশান্ত বছর।’ তিনি বলেন, ‘প্রায় আট শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়লেও দুর্নীতি ও মুদ্রাস্ফীতির কারণে অর্থনৈতিক পরিস্থিতির অবনতি ঘটেছে।’ফোর্বস বলেছে, ২০১০ সালের শীর্ষ ৮৫ জন ধনীর মধ্যে চলতি বছর ৬৬ জনের সম্পদ কমেছে। তা ছাড়া শীর্ষ ১০ ধনীর ২৫ শতাংশ সম্পদ কমে দেড় হাজার কোটি ডলার থেকে এক হাজার ১৩৬ কোটি ডলারে দাঁড়িয়েছে। ফোর্বস-এর তালিকা অনুযায়ী, মুকেশ আম্বানির পর ভারতের দ্বিতীয় শীর্ষ ধনী লক্ষ্মী মিত্তাল (এক হাজার ৯২০ কোটি ডলার), তৃতীয় আজিম প্রেমজি (এক হাজার ৩০০ কোটি ডলার), চতুর্থ শশী ও রবি রুইয়া (এক হাজার ২০ কোটি ডলার), পঞ্চম সাবিত্রী জিন্দাল (৯৫০ কোটি ডলার), ষষ্ঠ সুনিল মিত্তাল (৮৮০ কোটি ডলার), সপ্তম গৌতম আদানি (৮২০ কোটি ডলার), অষ্টম কুমার বিরলা (৭৭০ কোটি ডলার), নবম পাল্লোঞ্জি মিস্ত্রি (৭৬০ কোটি ডলার) ও দশম আদি গোদরেজ (৬৮০ কোটি ডলার)। রয়টার্স ও এএফপি।