সম্পর্ক উন্নয়নের জন্য দেশে দেশে সংস্কৃতি বিনিময় জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের বিভিন্ন দেশে এখনো বিরোধ চলছে, সম্পর্কে ভাটা পড়ছে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে সহিংসতা, বাড়ছে সাম্প্রদায়িকতা। তাই বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য আজ সংস্কৃতি বিনিময় জরুরি হয়ে পড়েছে। এই সংস্কৃতি বিনিময়ের মাধ্যমে দেশে দেশে গড়ে উঠতে পারে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বাতাবরণ। 

আজ শনিবার বিকেলে কলকাতার গোর্কি সদনে ভারত-বাংলাদেশ এবং রুশ সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে ‘আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে সংস্কৃতি বিনিময়ের গুরুত্ব’ শীর্ষক এক আলোচনা সভায় উপস্থিত সুধীজনেরা এ কথা বলেন।
এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ও কলকাতায় অবস্থিত ভারত-বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্রের সভাপতি তানভির নাসরিন। আলোচনায় অংশ নেন বাংলাদেশের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবীর, কলকাতার পিস ও প্রোগ্রেস সেন্টারের সভাপতি ওপি শাহ, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ হাইকমিশনার জকি আহাদ, কলকাতায় নিযুক্ত রাশিয়ান ডেপুটি কনসাল জেনারেল মিখাইল গুসেভ, রাশিয়ান কালচারাল সেন্টারের পরিচালক ইউভি ডুবেভয় প্রমুখ।