দেবযানী-কাণ্ডের পর কোনো জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার প্রথম ভারত সফর
সম্পর্ক উষ্ণ করতে ভারত যাচ্ছেন নিশা বিসওয়াল
দুই দেশের মধ্যে শীতল সম্পর্ক উষ্ণ করার লক্ষ্যে ভারত সফরে যাচ্ছেন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা নিশা দেশাই বিসওয়াল। ভারতের উদ্দেশে গতকাল মঙ্গলবার ওয়াশিংটন ছেড়েছেন।
ওয়াশিংটন ত্যাগের আগে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা স্বীকার করেন, চলতি বছরের শুরুতে কূটনৈতিক বিরোধের পর দুই দেশকে ‘প্রকৃত চ্যালেঞ্জ’ মোকাবিলা করতে হচ্ছে।
গত বছরের ডিসেম্বরে নিউইয়র্কে ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ে গ্রেপ্তার ও হেনস্তার শিকার হওয়ার পর ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক বিসওয়ালই হচ্ছেন সবচেয়ে শীর্ষ মার্কিন কর্মকর্তা, যিনি ভারত সফরে যাচ্ছেন।
অভিযোগ ওঠে, গৃহকর্মীর ভিসায় ভুয়া তথ্য দেওয়ার অভিযোগে দেবযানীকে গ্রেপ্তারের পর নগ্ন করে তল্লাশি করে মার্কিন পুলিশ। ওই ঘটনা বিশ্বের বৃহত্তম দুই গণতান্ত্রিক দেশের মধ্যে বিরোধের জন্ম দেয়। ওই ঘটনা নিয়ে এ পর্যন্ত ভারত ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বেশ কয়েকটি সফর বাতিল করা হয়েছে। পাশাপাশি গত দশকে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক জোরদার হলেও তাতে নতুন করে জটিলতা শুরু হয়।
তিন দিনের এই সফর সামনে রেখে ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ায় লেখা এক নিবন্ধে বিসওয়াল বলেন, উভয় দেশের সম্পর্কে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে ‘তার মানে এই নয়, আমাদের সম্পর্কে আর কোনো প্রকৃত চ্যালেঞ্জ নেই।’ তিনি আরও বলেন, ‘আমাদের মূল্যবোধকে যথাযথ করে’, এমন স্বাস্থ্যকর ও বলিষ্ঠ গণবিতর্কের মাধ্যমে দুই দেশের মধ্যে মতামতের যে পার্থক্য রয়েছে, তা দূর করতে হবে। এএফপি।