সম্পর্ক জোরদারে যুক্তরাষ্ট্র সফরে জাপানি প্রধানমন্ত্রী
দুই দেশের মধ্যে মৈত্রীবন্ধন আরও জোরদার করতে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা যুক্তরাষ্ট্র সফর করছেন। এমন এক সময়ে জাপানের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরে গেলেন, যখন উত্তর কোরিয়া আরেকটি পারমাণবিক বোমার পরীক্ষা চালানোর পরিকল্পনা করছে বলে খবর প্রকাশিত হয়েছে।গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠক করার কথা। ইয়োশিহিকো নোদার এই সফরের মাধ্যমে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।২০০৯ সালে অনুষ্ঠিত জাপানের জাতীয় নির্বাচনের পর এই প্রথম দেশটির কোনো প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় সফরে যুক্তরাষ্ট্রে গেলেন। টোকিও ত্যাগ করার আগে ইয়োশিহিকো নোদা সাংবাদিকদের বলেন, ‘আমি খোলামনে যুক্তরাষ্ট্র-জাপান মৈত্রীবন্ধনের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মতবিনিময় করতে চাই। আমি চাই বৈঠকটি ফলপ্রসূ হোক, যাতে জনগণ সহজেই সম্পর্ক উন্নয়ন-প্রচেষ্টার বিষয়টি বুঝতে পারে।’এর আগে গত শুক্রবার জাপানের ওকিনাওয়া দ্বীপ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে সমঝোতা হয়েছে। সে অনুযায়ী, নয় হাজার মার্কিন মেরিন সেনা দ্বীপটি থেকে প্রত্যাহার করা হবে। জাপান-যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়ন-প্রচেষ্টার ক্ষেত্রে ওই দ্বীপে মোতায়েন মার্কিন সেনা এখনো এক বিতর্কিত বিষয়। জাপানে মোতায়েন করা ৪৭ হাজার মার্কিন সেনার অর্ধেকই ওকিনাওয়া দ্বীপে অবস্থান করছে। জাপান-যুক্তরাষ্ট্র নতুন চুক্তি অনুযায়ী, দুটি দেশ যৌথ প্রশিক্ষণ ঘাঁটি স্থাপনের বিষয়টি বিবেচনা করবে। এর মধ্যে স্থায়ীভাবে দুই দেশের যৌথ উদ্যোগে প্রথম সেনা প্রশিক্ষণ ঘাঁটিটি গুয়াম বা উত্তরাঞ্চলীয় মারিয়ানা দ্বীপপুঞ্জে প্রতিষ্ঠা করা হতে পারে। রয়টার্স, বিবিসি।