কার্যকর সংলাপের মাধ্যমে ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্ক জোরদারের অঙ্গীকার করেছেন দুই দেশের পররাষ্ট্রসচিবরা । গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যৌথ সংবাদ সম্মেলনে তাঁরা এই অঙ্গীকার করেন। পররাষ্ট্রসচিব পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকের পর তাঁরা যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।পাকিস্তানের পররাষ্ট্রসচিব সালমান বশির বলেন, ‘কার্যকর ও অর্থপূর্ণ সংলাপের জন্য পারস্পরিক আস্থা তৈরিতে উভয় দেশকে কাজ করতে হবে। এই প্রক্রিয়ার মধ্যে যুক্ত হয়ে আমি এখন অনেক বেশি আশাবাদী। আগামী মাসে অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ভালো ফল বেরিয়ে আসবে।’ ভারতের পররাষ্ট্রসচিব নিরুপমা রাও বলেন, বিভিন্ন বিষয় নিয়ে লক্ষ্যে পৌঁছাতে দুই দেশের যৌথভাবে কাজ করা উচিত। বিশেষত বিভিন্ন ধরনের হুমকি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে দুই দেশকে একসঙ্গে কাজ করতে হবে।আগামী ১৫ জুলাই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ইসলামাবাদে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। ২০০৮ সালের নভেম্বরে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ইসলামাবাদে দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের এটাই প্রথম বৈঠক। ওই হামলার জন্য ভারত ও যুক্তরাষ্ট্র পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবাকে দায়ী করে আসছে। এমনকি এর সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার যোগসাজশ আছে বলেও অভিযোগ করা হয়।এদিকে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সদস্য-দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের গতকালই ইসলামাবাদে পৌঁছানোর কথা। কাল শনিবার থেকে ওই বৈঠক শুরু হবে। এএফপি।