
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইউধোইয়োনো বলেছেন, তাঁর মুঠোফোনে আড়ি পেতে দুই দেশের সম্পর্ক নষ্ট করেছে অস্ট্রেলিয়া। এ বিষয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী টনি অ্যাবটের বিবৃতি দুঃখজনক। গতকাল মঙ্গলবার এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন তিনি।
ইউধোইয়োনো বলেন, তাঁর ও তাঁর সহকর্মীদের মুঠোফোনে অস্ট্রেলীয় গোয়েন্দাদের আড়ি পাতার প্রেক্ষাপটে ক্যানবেরার সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখা ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়টি পুনর্বিবেচনা করবে জাকার্তা।
সুসিলো ও তাঁর স্ত্রী এবং কয়েকজন প্রভাবশালী মন্ত্রীর মুঠোফোনে আড়ি পাতার এ ঘটনায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট দুঃখ প্রকাশ করেছেন। তবে তিনি ক্ষমা চাইবেন না বলে জানিয়ে দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সাবেক চুক্তিভিত্তিক কর্মী এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা গোপন দলিল থেকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ও কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রীর মুঠোফোনে আড়ি পাতার ঘটনা বেরিয়ে আসে।
টনি অ্যাবট বলেছেন, এ ধরনের কাজে ‘কোনো ধরনের হয়রানির’ সৃষ্টি হয়ে থাকলে তিনি দুঃখিত। গতকাল পার্লামেন্টে প্রধানমন্ত্রী অ্যাবট বলেন, ‘আমি প্রেসিডেন্ট ইউধোইয়োনোকে অস্ট্রেলিয়ার একজন ভালো বন্ধু হিসেবে গণ্য করি। প্রকৃত অর্থেই তিনি বিশ্বের যেকোনো জায়গার সেরা বন্ধুদের একজন।’
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী যোগ করেন, ‘আমি মনে করি না, যুক্তিযুক্ত গোয়েন্দা তথ্য সংগ্রহের কারণে অস্ট্রেলিয়ার কাছ থেকে ক্ষমা প্রার্থনা আশা করা উচিত। আমি আশা করি না, অন্য দেশ কিংবা সরকার যৌক্তিক গোয়েন্দা তথ্য সংগ্রহকরণ কার্যক্রমের জন্য ক্ষমা প্রার্থনা করবে।’
এদিকে ইন্দোনেশিয়ার দ্য জাকার্তা পোস্ট পত্রিকার এক মন্তব্য প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্টের মুঠোফোনে আড়ি পাতার ঘটনায় তাঁর ও দেশটির জনগণের কাছে অস্ট্রেলিয়ার ক্ষমা চাওয়া উচিত।
অস্ট্রেলিয়ার সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকার এক নিবন্ধে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যাবটের প্রতি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ইউধোইয়োনোর সরাসরি বাক্যবাণ থেকে প্রমাণিত হয় দুই দেশের কূটনৈতিক সম্পর্ক কতটা তিক্ত হয়েছে। প্রধানমন্ত্রী অ্যাবট এ সমস্যা খুব বাজেভাবে মোকাবিলা করেছেন।
গত সোমবার ইন্দোনেশিয়ার গণমাধ্যম জাকার্তায় নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতকে তলব করে আড়ি পাতার বিষয়ে ব্যাখ্যা চাওয়ার তাগিদ দিয়েছে।
এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা তথ্য অনুযায়ী, ২০০৯ সালের আগস্টে ইউধোইয়োনের মুঠোফোনে আড়ি পেতেছিল অস্ট্রেলিয়ার গোয়েন্দারা। এ ছাড়া তাঁর স্ত্রী, ভাইস প্রেসিডেন্ট ও কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রীর মুঠোফোনেও আড়ি পাতা হয়েছিল। সম্প্রতি এই খবর প্রকাশের পর বন্ধুপ্রতিম দুই প্রতিবেশী দেশের সম্পর্কে ফাটল ধরে।
ইন্দোনেশিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক রয়েছে অস্ট্রেলিয়ার। দেশটিতে নৌকায় করে অবৈধভাবে যাওয়া আশ্রয়প্রার্থীদের প্রতিরোধে জাকার্তার সহযোগিতা চেয়ে আসছে ক্যানবেরা। কারণ, আশ্রয়প্রার্থীদের অনেক নৌকাই রওনা হয় ইন্দোনেশিয়া থেকে। দুই দেশের সম্পর্ক অবনতি হওয়ায় এ ক্ষেত্রে জাকার্তার সহযোগিতা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে।
২০০৯ সালের আগস্টে সুসিলোর মুঠোফোনে অন্তত ১৫ দিন ধরে আড়ি পেতেছিল অস্ট্রেলিয়ার ইলেকট্রনিক গোয়েন্দা সংস্থা ডিফেন্স সিগন্যাল ডিরেক্টরেট। এ ঘটনায় ক্যানবেরার কাছে জবাব চেয়ে সুসিলোর কার্যালয় বলেছে, আরও ক্ষতি এড়াতে অস্ট্রেলিয়ার সরকারকে জরুরি ভিত্তিতে বিষয়টির ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। এএফপি ও বিবিসি।