সম্পর্ক পুনরুজ্জীবনে পাকিস্তান সফরে মার্কিন কূটনীতিক
যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কূটনীতিক উপপররাষ্ট্রমন্ত্রী টম নিডস গতকাল বুধবার ইসলামাবাদে পৌঁছেছেন। পাকিস্তান-যুক্তরাষ্ট্র সুসম্পর্ক ফিরিয়ে আনার লক্ষ্যে তাঁকে পাকিস্তানে পাঠিয়েছে ওয়াশিংটন। মার্কিন বিমান হামলায় গত নভেম্বরে পাকিস্তানি ২৪ জন সদস্য নিহত হওয়ার পর দুই দেশের সম্পর্কের চরম অবনতি হয়।২০০৮ সালের মুম্বাই হামলায় জড়িত থাকার অভিযোগে পাকিস্তানি নাগরিক হাফিজ সাঈদকে গ্রেপ্তারে যুক্তরাষ্ট্র এক কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করে। এতে নিডসের কূটনৈতিক এই উদ্যোগ ভেস্তে যেতে পারে বলে মনে করা হচ্ছে। পাকিস্তান অবশ্য ওই পুরস্কার ঘোষণার ব্যাপারে নীরব রয়েছে। সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তাইয়েবার প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদ পাকিস্তানে প্রকাশ্যেই বসবাস করছেন।সফরকালে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার ও অর্থমন্ত্রী আবদুল হাফিজ শাইখের সঙ্গে বৈঠক করবেন নিডস। তবে বৈঠকের আলোচ্যসূচি প্রসঙ্গে কিছু জানা যায়নি। একজন মার্কিন কর্মকর্তা বলেন, এ সময় পুরস্কার ঘোষণা দুঃখজনক মনে হতে পারে। তবে দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমেই ওই পুরস্কার ঘোষণা করা হয়েছে। এএফপি।