আফগানিস্তানে ভারতীয় কনস্যুলেটের সামনে আত্মঘাতী হামলার সঙ্গে জম্মু-কাশ্মীর সীমান্তে পাঁচ ভারতীয় জওয়ানের নিহত হওয়ার ঘটনা সম্পর্কযুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাংশের ধারণা এমনই। এই মহল মনে করছে, ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে তুলতে নতুন পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের উদ্যোগকে চ্যালেঞ্জ জানানোই এই দুই হামলার মূল উদ্দেশ্য।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে অংশ এই ব্যাখ্যাকে গ্রাহ্য করছে, তারা মনে করে, এই পরিস্থিতিতে বন্ধ থাকা দ্বিপক্ষীয় আলোচনা শুরুর যে প্রস্তাব শরিফ সরকার দিয়েছে, তা এখনই অস্বীকার বা খারিজ করা ঠিক হবে না। কারণ, সে ক্ষেত্রে প্রতিপক্ষকেই উৎসাহী করে তোলা হবে।
তিন দিন আগে আফগানিস্তানের জালালাবাদে ভারতীয় কনস্যুলেটের সামনে গাড়িবোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে নিহত হয় ১২ আফগান, যার বেশির ভাগই শিশু। ভারতের কাছে তথ্য ছিল, আত্মঘাতী হামলাকারীরা সবাই পাকিস্তানের নাগরিক এবং পাকিস্তান থেকেই তারা জালালাবাদে গিয়েছিল। ভারতের ধারণা, ওই হামলার পেছনে হাক্কানি গোষ্ঠীরই হাত ছিল। এবং সেটা ঘটানোর মধ্য দিয়ে তারা একই সঙ্গে চ্যালেঞ্জ জানিয়েছিল ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের তিন সরকারকেই।
সোমবার শেষ রাতে পুঞ্চ এলাকায় সন্দেহভাজন লস্কর-ই-তাইয়েবা ও জইশে মুহাম্মদের ভাড়াটে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টার পেছনেও ওই হাক্কানি গোষ্ঠীর ছায়া রয়েছে বলেই এই মহলের ধারণা। এই ধারণার কারণ, ১. পাকিস্তানের জোরালো দাবি, তাদের সেনারা সংঘর্ষবিরোধী বোঝাপড়া ভঙ্গ করে গুলি চালায়নি। ২. ভারতীয় সামরিক গোয়েন্দাদের প্রতিবেদনও বিষয়টি অনুপ্রবেশ বলেই মনে করছে। অবশ্য অনুপ্রবেশকারীদের সাহায্য করার ক্ষেত্রে পাকিস্তানি বাহিনীর একাংশের যোগসাজশের সম্ভাবনা ভারত উড়িয়ে দিচ্ছে না। প্রতিরক্ষামন্ত্রী অ্যান্টনির বিবৃতিতে বোঝা যাচ্ছে, সরকার এ ধারণা বিবেচনায় রেখেছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ নির্বাচিত হওয়ার পর ভারতের সঙ্গে বন্ধ থাকা দ্বিপক্ষীয় আলোচনা আবার শুরু করার প্রস্তাব দিয়েছেন। শুধু তা-ই নয়, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে পাকিস্তান সফরের আমন্ত্রণও জানানো হয়েছে। চলতি বছরের জানুয়ারি মাস থেকে বন্ধ রয়েছে দ্বিপক্ষীয় আলোচনা। তা শুরু করতে শরিফ দুটি প্রস্তাবও দিয়েছেন। সেপ্টেম্বরে জাতিসংঘের আসরে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে সাক্ষাৎ হবে। মনে করা হচ্ছে, তার পরেই দ্বিপক্ষীয় আলোচনা নিয়ে সিদ্ধান্ত হবে।
এ ধরনের ঘটনা আলোচনার আবহ যে বিষিয়ে তোলে, তা অনস্বীকার্য। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আর পি এন সিং ও জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সেকথাই মনে করিয়ে দিয়েছেন। কিন্তু পাশাপাশি এটাও ঠিক, পাকিস্তানকে গণতান্ত্রিক না থাকতে দেওয়ার শক্তিগুলোকেও কোনোভাবে উৎসাহিত করতে ভারতের কংগ্রেস নেতৃত্ব চায় না। তারা আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে।