সম্পর্কস্বাভাবিক করতে মতৈক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ও পাকিস্তান দুই দেশের শান্তি আলোচনা পুনরায় শুরু করার ব্যাপারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। গতকাল বৃহস্পতিবার ভুটানের রাজধানী থিম্পুতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির মধ্যে দেড় ঘণ্টাব্যাপী সরাসরি বৈঠক হয়। এতে দুই দেশের থেমে থাকা শান্তি আলোচনা শুরু হওয়ার বিষয়টি নতুন মোড় নিয়েছে। সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে দুই প্রধানমন্ত্রী একমত হয়েছেন। খবর এএফপি, রয়টার্স ও ডন অনলাইনের।বৈঠকের ব্যাপারে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি সাংবাদিকদের বলেন, বৈঠক খুব ইতিবাচক হয়েছে। এটি সঠিক পথে যাওয়ার একটি পদক্ষেপ। কোরেশি জানান, দুই প্রধানমন্ত্রী স্বীকার করেছেন যে প্রতিবেশী দেশ দুটির মধ্যে পারস্পরিক আস্থার ঘাটতি রয়েছে। ২০০৮ সালে মুম্বাই হামলার ঘটনায় ১৬৬ জন নিহত হয়। এ ঘটনার জন্য ভারত পাকিস্তানভিত্তিক জঙ্গিদের দায়ী করে আসছে। এরপর দুই দেশের সম্পর্ক শীতল হয়ে পড়ে।কোরেশি বলেন, দুই দেশের মধ্যে ভবিষ্যত্ আলোচনা ও পারস্পরিক আস্থা গড়ে তোলার ব্যাপারে কাজ করতে তাঁকে ও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণাকে নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যত্ আলোচনার ব্যাপারে একটি রোডম্যাপ প্রণয়নে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শিগগিরই তিনি বৈঠকে বসবেন বলে কোরেশি জানান। তবে এ ব্যাপারে এখনো কোনো সময়সূচি নির্ধারিত হয়নি।ভারতের পররাষ্ট্রসচিব নিরুপমা রাও সাংবাদিকদের বলেন, পারস্পরিক আস্থা ফিরিয়ে আনার ব্যাপারে কর্মকর্তারা কাজ করে যাবেন। এভাবে দুই দেশের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনার পথ রচিত হবে। তিনি জানান, বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী পাকিস্তানে সন্ত্রাস দমনের ওপর গুরুত্বারোপ করেন। একটি যৌথ বিবৃতির মাধ্যমে বৈঠক শেষ হয়। এতে উল্লেখ করা হয়, সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি শান্তি আলোচনায় সম্পৃক্ত থাকবে না।এর আগে মনমোহন ও গিলানি গত বছরের জুলাইয়ে মিসরে অনুষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে বৈঠক করেন। পর্যবেক্ষকেরা মনে করছেন, সার্কের অন্য সদস্য দেশগুলোর কারণেই থিম্পুতে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীরা বৈঠকে বসেন। সার্কে ভারত ও পাকিস্তান খুব প্রভাবশালী দুই সদস্য। দুই দেশের সম্পর্কের উত্তেজনা প্রায়ই আঞ্চলিক সহযোগিতার গতি সঞ্চারে বাধা সৃষ্টি করছে। ভারত ও পাকিস্তানের শীতল সম্পর্ক নিয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের ভাষণে হতাশা প্রকাশিত হয়। গত মঙ্গলবার তিনি বলেন, ‘আমি আশা করি প্রতিবেশীরা তাদের বিভেদ দূর করার পথ খুঁজে নেবেন।’ এ ব্যাপারে তিনি ভারত ও পাকিস্তানের নাম সরাসরি উল্লেখ করেন।