সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনায় মিয়ানমারে দপ্তর খুলছে ইইউ
মিয়ানমারের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরুর ‘প্রথম পদক্ষেপ’ হিসেবে ইয়াঙ্গুনে একটি দপ্তর খুলছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউ পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাস্টন গতকাল শুক্রবার এ কথা জানিয়েছেন।দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট (আসিয়ান) ও ইইউভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী ও জ্যেষ্ঠ কূটনীতিকেরা গতকাল ব্রুনাইয়ে এক বৈঠকে মিলিত হন। ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে দুর্যোগ ব্যবস্থাপনা ও নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলোতে দুই অঞ্চলের মধ্যে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের উপায় খুঁজে বের করাই ছিল এ বৈঠকের লক্ষ্য।বৈঠক শেষে অ্যাস্টন বলেন, মিয়ানমারে একটি দপ্তর খোলা হবে। এ জন্য তিনি আজ শনিবার সেখানে যাচ্ছেন। এটি হবে সেখানে একটি পূর্ণাঙ্গ প্রতিনিধিদল পাঠানোর প্রথম পদক্ষেপ। দেশটির জন্য দেওয়া উন্নয়নসহায়তা ব্যবস্থাপনার জন্য প্রাথমিকভাবে ওই দপ্তর ব্যবহার করা হবে।সাম্প্রতিক সময়ে মিয়ানমার বিভিন্ন গণতান্ত্রিক সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করায় ইইউ দেশটির সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী হয়। তবে অর্থনীতিবিদেরা বলছেন, ইউরোপের চলতি অর্থনৈতিক মন্দা ওই অঞ্চলের দেশগুলোকে দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের দিকে এগোতে উৎসাহ দিয়েছে।আইএইচএস গ্লোবাল ইনসাইটের এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক প্রধান অর্থনীতিবিদ রাজীব বিশ্বাস বলেন, ইউরোপীয় অর্থনীতি দীর্ঘস্থায়ী মন্দার কবলে পড়েছে। এ কারণে ইইউভুক্ত দেশগুলো তাদের পণ্য রপ্তানির জন্য হন্যে হয়ে নতুন বাজার খুঁজতে বাধ্য হচ্ছে। দ্বিতীয়ত, আসিয়ান অধিকতর শক্তিশালী আঞ্চলিক জোট হিসেবে আত্মপ্রকাশ করেছে।রাজীব বিশ্বাসের মতে, অভ্যন্তরীণ বাজারে মন্দা চলায় ইউরোপীয় কোম্পানিগুলো এখন আসিয়ান অঞ্চলের লোভনীয় বাজারের দিকে ঝুঁকছে।মিয়ানমারে বিতর্কিত নির্বাচনে ক্ষমতায় আসা বেসামরিক সরকার আন্তর্জাতিক অঙ্গনে তাদের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে শত শত বন্দীকে মুক্তি দেওয়া, গণমাধ্যমের ওপর কড়াকড়ি শিথিল করা। এর আগে দীর্ঘদিন ধরে গৃহবন্দী থাকা গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে মুক্তি দিয়েছে তারা।ইউরোপীয় ইউনিয়ন এসব পদক্ষেপের জন্য ইইউ দেশটির ওপর থেকে ব্যবসা-বাণিজ্যিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করেছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার একজন কূটনীতিক বলেন, ‘আমি বলব যে এটি এক নতুন অধ্যায়। মিয়ানমার অতীতে যেভাবে বাঁকা পথে চলেছে, এখন তার ভিন্ন চিত্র।’ এএফপি।