সম্পর্কের বরফ গলছে এটাই বড় অর্জন: ব্রাহিমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় রক্তপাত বন্ধের পথ খুঁজতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত সরকার ও বিদ্রোহীদের অংশগ্রহণে জেনেভা শান্তি সম্মেলন আজ শুক্রবার শেষ হচ্ছে। এই সম্মেলন থেকে সত্যিকার অর্থে কোনো কিছু অর্জনের আশা করছেন না জাতিসংঘের সিরিয়াবিষয়ক বিশেষ দূত লাখদার ব্রাহিমি। তবে সিরিয়ার সরকার ও বিদ্রোহীদের সম্পর্কের বরফ ধীরে ধীরে গলছে বলে মনে করেন তিনি।
ব্রাহিমি গত বুধবার জেনেভায় সাংবাদিকদের বলেন, জেনেভা আলোচনায় আবারও প্রমাণিত হলো, সিরিয়ার দুই পক্ষের মূল বিরোধের জায়গা হলো ক্ষমতা হস্তান্তরের বিষয়টি। দুই পক্ষের মতপার্থক্য এখনো ‘অনেক বেশি’। তবে তাঁরা আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে। ব্রাহিমি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া দুই পক্ষের মতপার্থক্য দূর করতে কাজ করে যাবে। তিনি বলেন, আলোচনা নিয়ে তিনি ‘হতাশ নন’। সিরিয়ার দুই পক্ষের ‘সম্পর্কের বরফ ধীরে ধীরে গলছে’।
ব্রাহিমি জানান, শুক্রবার (আজ) প্রথম পর্যায়ের আলোচনা শেষ হবে। ওই দিনই দ্বিতীয় পর্যায়ের আলোচনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। জাতিসংঘের এই দূত মনে করেন, দ্বিতীয় পর্যায়ের আলোচনা অনেক বেশি ‘গঠনমূলক ও আশাপ্রদ হবে’। ব্রাহিমি আরও জানান, সিরিয়ার অবরুদ্ধ হোমস শহরে মানবিক সহায়তার আওতায় খাবার ও ওষুধের গাড়ি ঢোকার বিষয়টি নিয়ে জাতিসংঘের সঙ্গে সিরিয়া সরকারের আলোচনা চলছে।
বুধবার সকালের আলোচনা পর্ব শেষে সিরিয়ার প্রেসিডেন্টের উপদেষ্টা বউথাইনা শাবান বলেন, তাঁরা জেনেভা সম্মেলনের ঘোষণার প্রতিটি ‘অনুচ্ছেদ ধরে ধরে’ আলোচনা করতে চান। কিন্তু সরকার শুরুতে ‘সন্ত্রাসবাদ বন্ধের’ প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে চায়। শাবান অভিযোগ করেন, বিরোধীরা সবকিছু বাদ দিয়ে শুধু অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে আগ্রহী। এতে প্রমাণিত হয়, তাদের মূল আগ্রহ সরকারে যাওয়া।
আলোচনায় যোগ দেওয়া বিদ্রোহীদের প্রধান জোট ন্যাশনাল কোয়ালিশনের (এনসি) মুখপাত্র লুয়ি শফি বলেন, সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আলোচনার টেবিলে একটি নথি উত্থাপন করা হয়েছে। তিনি বলেন, ‘এই প্রথমবারের মতো অন্তর্বর্তী সরকারের বিষয়টি উপস্থাপন করা হয়েছে; যে সরকারের দায়িত্ব হবে সিরিয়ার একনায়কত্বের অবসান ঘটানো, দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়া ও সহিংসতা বন্ধ করে সিরিয়াকে দুর্দশা থেকে বের করে আনা।’ তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকার গঠন না করলে কোনো কিছুই অর্জন সম্ভব নয়। প্রথমে এ বিষয়টি নিয়েই আলোচনা হতে হবে।
জেনেভা থেকে আল-জাজিরার একজন সাংবাদিক জানান, সরকারি প্রতিনিধিরা বারবার বলছেন, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ পদত্যাগ করবেন না। তিনি সাংবিধানিকভাবে তাঁর মেয়াদ পূরণ করবেন এবং আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতাও করবেন।
সিরিয়ায় প্রেসিডেন্ট বাশারের পদত্যাগের দাবিতে ২০১১ সালে বিক্ষোভ শুরু হয়। ধীরে ধীরে তা গৃহযুদ্ধে রূপ নেয়। এতে ইতিমধ্যে এক লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। বিবিসি ও আল-জাজিরা।