সম্ভাব্য ধ্বংসাবশেষ ভারত মহাসাগরে!

নিখোঁজের ১৩ দিন পর মালয়েশিয়া এয়ারলাইনসের যাত্রীবাহী বিমানটির সম্ভাব্য ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে বলে মনে করা হচ্ছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন, স্যাটেলাইটের চিত্রে সাগরে দুটি বস্তু ধরা পড়েছে, যা ফ্লাইট এমএইচ ৩৭০-এর ধ্বংসাবশেষ হতে পারে। প্রধানমন্ত্রী অ্যাবট পার্লামেন্টে বলেন, ওই বস্তু নিখোঁজ বিমানটিরই ধ্বংসাবশেষ কি না, সে ব্যাপারে নিশ্চিত হতে জোর অনুসন্ধান চলছে।
তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গতকাল রাতের মতো অনুসন্ধান কাজ স্থগিত রাখা হয় বলে অস্ট্রেলিয়ার কর্মকর্তারা জানান। কর্মকর্তারা জানান, পার্লামেন্টে প্রধানমন্ত্রীর ঘোষণার পর দেশটির চারটি জাহাজ ও বিমান সম্ভাব্য ধ্বংসাবশেষের সন্ধানে দক্ষিণ ভারত মহাসাগরের নির্দিষ্ট স্থানে অভিযান শুরু করে। যুক্তরাষ্ট্র ও প্রতিবেশী নিউজিল্যান্ডের বিমানও সেদিকে যাচ্ছে। সাগরের ওই অংশে নরওয়ের একটি জাহাজও রয়েছে বলে জানানো হয়েছে।
এর আগে প্রধানমন্ত্রীর ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার নৌ নিরাপত্তা কর্তৃপক্ষ জানায়, ধ্বংসাবশেষগুলোর অবস্থান চিহ্নিত করা হয়েছে অস্ট্রেলীয় শহর পার্থ থেকে প্রায় আড়াই হাজার কিলোমিটার দূরে সাগরে। কর্তৃপক্ষের মহাব্যবস্থাপক জন ইয়ং বলেন, স্যাটেলাইট চিত্রে ধরা পড়া বস্তু দুটির মধ্যে বড়টি আকারে প্রায় ২৪ মিটার।
২৩৯ জন যাত্রী নিয়ে গত ৭ মার্চ মধ্যরাতে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে বিমানটি রহস্যজনকভাবে নিখোঁজ হয়। বিমানটির অনুসন্ধানে সাগরে ব্যাপক তল্লাশি চালানো হয়। ক্রমে অনুসন্ধানের আওতা বাড়িয়ে স্থল ও সমুদ্রসহ বেশ কয়েক লাখ বর্গমাইল এলাকায় ২৬টি দেশ তল্লাশি চালাতে থাকে। চীন, মালয়েশিয়াসহ বিশ্বজুড়ে মানুষ উৎকণ্ঠা ও আগ্রহের সঙ্গে এ কার্যক্রমের দিকে চোখ রাখছে।
অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী টনি অ্যাবট গতকাল স্থানীয় সময় দুপুরে বলেন, ‘দক্ষিণ ভারত মহাসাগরে ফ্লাইট এমএইচ ৩৭০ অনুসন্ধানের বিষয়ে নতুন ও বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে। অস্ট্রেলিয়ার নৌ নিরাপত্তা কর্তৃপক্ষ (আমসা) স্যাটেলাইট চিত্রের ভিত্তিতে এ অনুসন্ধানের সঙ্গে সংশ্লিষ্ট সম্ভাব্য এই বস্তুগুলোর ব্যাপারে তথ্য পায়। বিশেষজ্ঞরা চিত্র বিশ্লেষণ করে অনুসন্ধান-সংশ্লিষ্ট সম্ভাব্য বস্তু দুটি চিহ্নিত করেছেন।’
টনি অ্যাবট জানান, বস্তু দুটি দেখা যাওয়ার বিষয়ে তিনি এরই মধ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সঙ্গে কথা বলেছেন। তবে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেন, স্যাটেলাইটের চিত্রে দুটি বস্তুর সন্ধান পাওয়া গেলেও সেগুলো খুঁজে পাওয়া খুবই কঠিন হবে। এ ছাড়া শেষ পর্যন্ত এমনও হতে পারে যে সেগুলো মালয়েশীয় বিমানের সঙ্গে সম্পর্কিত নয়।
কর্মকর্তারা গতকাল রাতে বলেন, সম্ভাব্য ধ্বংসাবশেষের বেশ কয়েকটি ছবি বিশ্লেষণ করা শুরু হলেও এখন পর্যন্ত সেগুলো নিখোঁজ বিমানটির কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
সম্প্রতি বিমানটির অনুসন্ধানে বিশাল এলাকাজুড়ে বিস্তৃত দুটি ‘করিডরে’ অভিযান শুরু হয়। সর্বশেষ গুরুত্ব দেওয়া হয় দক্ষিণের করিডরের ওপর। এটি ভারত মহাসাগরের দক্ষিণ প্রান্ত পর্যন্ত বিস্তৃত।
সম্ভাব্য ধ্বংসাবশেষ নিয়ে টনি অ্যাবটের ঘোষণার পর মালয়েশিয়ার ভারপ্রাপ্ত পরিবহনমন্ত্রী হিশামউদ্দিন হুসাইন কুয়ালালামপুরে সাংবাদিকদের বলেন, ‘নিখোঁজ বিমানটির অনুসন্ধানের ক্ষেত্রে এটি একটি নতুন দিক। আমাদের আশা, এটা একটা ইতিবাচক অগ্রগতি। প্রতিটি নতুন দিকই একটি আশা। আমরা পরীক্ষা করে এ বিষয়ে নিশ্চিত হতে চাই। আমরা ঘটনাস্থলে বাড়তি বিমান পাঠাচ্ছি।’
যুক্তরাষ্ট্রের শীর্ষ অগ্রাধিকার: মালয়েশিয়া এয়ারলাইনসের নিখোঁজ বিমানটির অনুসন্ধানে চলা অভিযান এখন যুক্তরাষ্ট্রের ‘শীর্ষ অগ্রাধিকারের’ বিষয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল হোয়াইট হাউসে এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ওবামা নিখোঁজ আরোহীদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘আমি তাঁদের আশ্বস্ত করতে চাই, বিমানটির খোঁজ করাকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি।’
এফবিআইয়ের সহায়তা কামনা: বিমানটির অনুসন্ধানে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের সঙ্গে তথ্য বিনিময় করেছে মালয়েশিয়া। সেই সঙ্গে সংস্থাটির সহায়তাও কামনা করেছে দেশটি।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, নিখোঁজ বিমানের প্রধান পাইলট জাহরি আহমেদ শাহর বাড়ি থেকে উদ্ধার করা সিম্যুলেটরের মুছে ফেলা তথ্য পুনরুদ্ধারে মালয়েশিয়া এফবিআইকে অনুরোধ করেছে। মালয়েশিয়ার পুলিশ গত শনিবার জাহরি শাহর বাড়ি থেকে সিম্যুলেটরটি জব্দ করেছিল। সিম্যুলেটর যন্ত্রে প্রশিক্ষণ, অনুশীলন বা গবেষণার কাজে বাস্তবের অবিকল আবহ সৃষ্টি করা হয়। সুপরিসর বোয়িং উড়োজাহাজটি নিখোঁজের পেছনে ছিনতাই, সন্ত্রাসী হামলা ও পাইলট বা অন্য কোনো আরোহীর মানসিক অসুখের মতো সব ধরনের সম্ভাবনাই বিবেচনায় রেখেছেন তদন্তকারীরা। বিবিসি, এএফপি ও রয়টার্স।