যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের ‘নিজেদের তৈরি করার’ পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত রোববার হোয়াইট হাউসে মার্কিন গভর্নরদের সম্মানে দেওয়া এক নৈশভোজে তিনি এ পরামর্শ দেন।
বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নরদের সঙ্গে বার্ষিক বৈঠক উপলক্ষে ওই নৈশভোজের আয়োজন করা হয়। এটা ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি ও বিরোধী রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থীদের মিলনমেলায় পরিণত হয়। ফার্স্টলেডি মিশেল ওবামাও নৈশভোজে যোগ দেন।
দারুণ হূদ্যতাপূর্ণ পরিবেশে আয়োজিত ওই নৈশভোজে মিশেল ওবামার দুই পাশে বসেছিলেন রিপাবলিকান পার্টির সম্ভাব্য দুই প্রার্থী। একজন সাউথ ক্যারোলাইনার গভর্নর নিকি হ্যালি, অন্যজন ইন্ডিয়ানার গভর্নর মাইক পেনস।
বর্তমান ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের আগামী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে।
সম্ভাব্য প্রার্থীদের উদ্দেশে বারাক ওবামা বলেন, ‘আজ রাতে আমরা এটা নিশ্চিত করতে চাই, আপনারা প্রেসিডেন্ট হওয়ার জন্য বাড়িতে নিজেদের তৈরি করছেন।’ রয়টার্স।