সম্মাননা পেলেন ডলি বেগম ও গীতা মূর্তি

কমিউনিটির কাজে বিশেষ অবদানের জন্য বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম ও শ্রীলঙ্কান বংশোদ্ভূত গীতা মূর্তি পেলেন পেস-আরএমএম উইমেন অ্যাচিভার্স পুরস্কার। ১ জুলাই টরোন্টোর স্থানীয় সময় বিকেল ৫টায় কবি আসাদ চৌধুরীর হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন তাঁরা।
টরোন্টোর বেসরকারি প্রতিষ্ঠান প্রগ্রেসিভ অ্যাকশন ফর কমিউনিটি এমপাওয়ারমেন্টের (পেস) কানাডা দিবসের বিশেষ অনুষ্ঠানে টরন্টোর আলবার্ট ক্যাম্পবেল লাইব্রেরি মিলনায়তনে এ সম্মাননা প্রদান করা হয়।
উত্তর আমেরিকায় প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিবিদ হিসেবে ডলি বেগম অন্টারিও প্রাদেশিক সংসদে সদস্য সরাসরি নির্বাচনে নির্বাচিত হন। গীতা মূর্তি সাউথ এশিয়ান অটিজম অ্যাওয়ারনেস সেন্টারের (এসএএএসি) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক।
অনুষ্ঠানে বুদ্ধিবৃত্তিক সমাজে ভালো বিষয়গুলো আয়ত্ত ও চর্চার আহ্বান জানিয়ে কবি আসাদ চৌধুরী বলেন, ‘কানাডার মাল্টিকালচারাল ও সহনশীলতার পরিবেশ আমাদের বিশেষ করে নারীদের তাঁদের শক্তি, সদিচ্ছা ও সামর্থ্যে ইতিবাচক প্রভাব রেখেছে। এমন উদ্যোগকে আমি স্বাগত জানাই।
ডলি বেগম তাঁর বক্তব্যে বলেন, ‘আমাদের কমিউনিটিকে শক্তিশালী করতে হলে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রত্যেকের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের পরামর্শ ও মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে। আপনাদের কথা বলতেই আমি সংসদে যাই।’
গীতা মূর্তি বলেন, ‘দশ বছর আগে আমরা বাসার বেসমেন্টে পাঁচটি পরিবারকে নিয়ে শুরু করেছিলাম আমাদের যাত্রা। আজ আমাদের নিজস্ব অফিসে আমরা তিন শ পরিবারকে সেবা দিতে পারছি। আর আমাদের সঙ্গে ১৫০ জনেরও বেশি স্বেচ্ছাসেবক কাজ করছেন।’
পেসের নির্বাহী পরিচালক ইমামুল হক বলেন, ‘নারীর ক্ষমতায়নের বিষয়টির ওপর গুরুত্ব দিতেই আমরা এই সম্মাননার প্রবর্তন করেছি। বিভিন্ন ক্ষেত্রে নারীদের অর্জনকে স্বীকৃতি দেওয়াই এর লক্ষ্য।’
পেসের আয়োজনে কানাডা দিবস উদ্যাপন উপলক্ষে ‘কালার অব জয়’ নামের এ অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে আদিবাসী শিল্পীসহ বহুজাতিক শিল্পীদের পরিবেশনা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। অনুষ্ঠানটি আয়োজনে আর্থিক সহায়তা দিয়েছে কানাডা সরকার।