সম্রাট আকিহিতোর অস্ত্রোপচার সম্পন্ন
জাপানের সম্রাট আকিহিতোর হূদ্যন্ত্রে গতকাল শনিবার সফল অস্ত্রোপচার হয়েছে। রাজপ্রাসাদের (ইমপেরিয়াল প্যালেস) একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন।২০০৩ সালের পর থেকে এটাই ৭৮ বছর বয়সী সম্রাটের প্রথম অস্ত্রোপচার। ওই বছর প্রোস্টেট ক্যানসারের জন্য তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয়। ওই মুখপাত্র জানান, সকাল সাড়ে নয়টার দিকে সম্রাটকে ইউনিভার্সিটি অব টোকিও হাসপাতালের অস্ত্রোপচারের কক্ষে নেওয়া হয়। এরপর ওই হাসপাতাল ও বেসরকারি জানতেনদো ইউনিভার্সিটির একদল চিকিত্সক সম্রাটের হূদ্যন্ত্রে অস্ত্রোপচার শুরু করেন। কোনো ধরনের সমস্যা ছাড়াই অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় বিকেল চারটার দিকে সম্রাটকে অস্ত্রোপচারের কক্ষ থেকে বের করে আনা হয়।জাপানের জাতীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে জানায়, সম্রাট আকিহিতোর অস্ত্রোপচারের সময় সম্রাজ্ঞী মিচিকো ও তাঁর মেয়ে সাবেক প্রিন্সেস সায়াকো কুরোদা উপস্থিত ছিলেন। একজন সাধারণ মানুষকে বিয়ে করার জন্য সায়াকো রাজপ্রাসাদ ত্যাগ করেছিলেন। এএফপি।