সময়মতোই ব্রেক্সিট প্রক্রিয়া শুরু হবে: থেরেসা মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্যারিসে যৌথ সংবাদ সম্মেলনে থেরেসা মে l ছবি: এএফপি
প্যারিসে যৌথ সংবাদ সম্মেলনে থেরেসা মে l ছবি: এএফপি

ব্রেক্সিট (ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ) বাস্তবায়নের কঠোর অবস্থান থেকে সরে আসতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মের প্রতি চাপ বাড়ছে। তাঁর নিজ দল কনজারভেটিভের নেতারাই বলছেন, সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর ফলে ঘোষিত রূপরেখা অনুযায়ী ব্রেক্সিট বাস্তবায়ন ঝুঁকিতে পড়েছে। তবে থেরেসা এসবে কর্ণপাত না করে নির্ধারিত সময়েই ব্রেক্সিট আলোচনা শুরু করবেন বলে জানিয়েছেন। থেরেসা মে গত মঙ্গলবার প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে এক বৈঠক শেষে এ ঘোষণা দেন।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্যের মধ্যে ১৯ জুন থেকে আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার কথা।

এএফপি জানায়, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) প্রক্রিয়া শুরুর সময়সীমা মেনেই ব্রিটিশ কর্তৃপক্ষ আগামী সপ্তাহে ব্রাসেলসে আলোচনা শুরু করবে।

মঙ্গলবার নতুন ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে আলোচনাকে ‘গঠনমূলক’ আখ্যা দেন প্রধানমন্ত্রী মে। ইউরোপীয় নেতারা এ বৈঠককে বিশেষ গুরুত্ব দেন। তাঁদের কেউ কেউ ভেবেছিলেন, আগামী সপ্তাহে অনুষ্ঠেয় ব্রেক্সিট আলোচনা বিলম্বিত হতে পারে এবং ইইউ থেকে বেরিয়ে যাওয়ার ব্যাপারে যুক্তরাজ্যের সামগ্রিক অবস্থানেও পরিবর্তন আসতে পারে। ব্রিটিশ প্রধানমন্ত্রী অবশ্য বলে দিয়েছেন, যুক্তরাজ্যে কিছু অভ্যন্তরীণ সমস্যা সত্ত্বেও ব্রেক্সিট আলোচনার প্রস্তুতি অব্যাহত রয়েছে।