সময়সীমার মধ্যেই সিরিয়া পরিস্থিতির উন্নয়ন ঘটবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত সময়ের মধ্যেই সিরীয় পরিস্থিতির উন্নয়ন ঘটবে। জাতিসংঘ ও আরব লিগের সিরিয়াবিষয়ক বিশেষ দূত কফি আনান এ প্রত্যাশা করেছেন। তবে তিনি সতর্ক করে দিয়েছেন, বিদ্রোহীদের অস্ত্র দেওয়ার জন্য আরব প্রস্তাবের পরিণাম ‘ধ্বংসাত্মক’ হবে। জাতিসংঘের সাবেক এ মহাসচিব গতকাল বুধবার ইরান সফর করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহির সঙ্গে বৈঠক শেষে তেহরানে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে কফি আনান বলেন, দামেস্কের কাছ থেকে আশ্বাস পাওয়া গেছে তারা অস্ত্রবিরতির পরিকল্পনার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে। তিনি আশা প্রকাশ করে বলেন, যদি সব পক্ষ তাদের প্রতিশ্রুতির বিষয়টি স্মরণ রেখে কাজ করে, তবে আগামী বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ছয়টার মধ্যেই সার্বিক পরিস্থিতির ব্যাপক উন্নতি দেখা যাবে। সিরিয়ায় সহিংসতা বন্ধে কফি আনানের যে ছয় দফা প্রস্তাবে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার মানতে রাজি হয়েছিল, তার মধ্যে অন্যতম হচ্ছে, বিভিন্ন শহর থেকে সেনা ও ভারী অস্ত্রশস্ত্র সরিয়ে নেওয়া। আর ১০ এপ্রিলের পর ৪৮ ঘণ্টার মধ্যে সহিংস ঘটনা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকা। সে অনুযায়ী, সহিংসতা সম্পূর্ণভাবে বন্ধের সময়সীমা আজ বুধবার সিরিয়ার স্থানীয় সময় সকাল ছয়টায় শেষ হচ্ছে। তবে এ পর্যন্ত যা অবস্থা, তাতে সহিংসতা বন্ধের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না।গত মঙ্গলবার সিরিয়ার বিভিন্ন এলাকায় সহিংসতায় কমপক্ষে আরও ১০০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ ছাড়া মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার সকাল পর্যন্ত সরকারবিরোধী আন্দোলনের কেন্দ্রবিন্দু হোমস শহরে সরকারি বাহিনীর ব্যাপক গোলাবর্ষণসহ বিভিন্ন শহরে সামরিক তৎপরতার খবর পাওয়া গেছে। এর বাইরে তুরস্ক সীমান্ত এলাকাজুড়ে গোলাগুলির খবর পাওয়া গেছে।কফি আনান সাংবাদিকদের জানান, তিনি সিরিয়ার কাছ থেকে নতুন করে বার্তা পেয়েছেন। তাতে কীভাবে শত্রুতা পরিহার করা হবে এবং ছয় দফা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে, তা পরিষ্কার করা হয়েছে। তবে সহিংসতা সম্পূর্ণভাবে বন্ধ করার স্বার্থে দামেস্ক আবারও হামলা না করার ব্যাপারে বিদ্রোহীদের কাছ থেকে নিশ্চয়তা চেয়েছে বলেও জানান কফি আনান। সৌদি আরব ও কাতার সিরীয় বিদ্রোহীদের অস্ত্র দেওয়ার যে প্রস্তাব তুলেছে, তা সার্বিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে উল্লেখ করে কফি আনান বলেন, ‘আমি সব সময়ই বলে আসছি, সংঘাতকে সামরিক রূপ দেওয়ার চেষ্টা হবে ধ্বংসাত্মক।’ এ ছাড়া মধ্যপ্রাচ্যে নতুন করে আর কোনো সংঘাত সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।কফি আনানের শান্তি পরিকল্পনা গত মঙ্গলবার বড় ধরনের ধাক্কা খায়। কেননা, আনানের ওই পরিকল্পনা অনুসারে, নির্ধারিত সময়ের মধ্যে জনবহুল এলাকাগুলো থেকে সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয় সিরীয় সরকার। এ নিয়ে ওই পরিকল্পনার সফলতার ব্যাপারে সংশয় তৈরি হয়।সংবাদ সম্মেলনে কফি আনান জানান, সিরিয়ার সংকট মোকাবিলায় তিনি ইরানের কাছে সহযোগিতা চেয়েছেন। ইরান প্রেসিডেন্ট আসাদের ঘনিষ্ঠ হলেও কফি আনানকে পররাষ্ট্রমন্ত্রী সালেহি বলেছেন, যতক্ষণ পর্যন্ত শান্তি পরিকল্পনা অব্যাহত থাকবে, ততক্ষণ পর্যন্তই তাঁরা সিরিয়াকে সমর্থন দেবে। এএফপি ও রয়টার্স।