সরকার উৎখাত নয়, নির্বাচনই লক্ষ্য: মোহাম্মদ নাশিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সরকার উৎখাত নয়, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনই লক্ষ্য’—এ কথা মালদ্বীপের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের। যুক্তরাষ্ট্র সফররত নাশিদ ওয়াশিংটনে ইউএস ইনস্টিটিউট অব পিস আয়োজিত এক সমাবেশে গত সোমবার এই অভিমত ব্যক্ত করেন। ক্ষমতায় গেলে কোনো প্রতিহিংসা চরিতার্থ করার আকাঙ্ক্ষাও তাঁর নেই বলে মন্তব্য করেন নাশিদ। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নাশিদ সোমবার দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লাকের সঙ্গেও সাক্ষাৎ করেন। তবে তাদের বৈঠক সম্পর্কে বিস্তারিত আর কিছু জানা যায়নি। এ ছাড়া অন্যান্য মার্কিন আইনপ্রণেতার সঙ্গেও সাক্ষাৎ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আয়োজিত এক গোলটেবিল বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। যুক্তরাষ্ট্রের প্রখ্যাত থিংকট্যাংক ইউএস ইনস্টিটিউট অব পিস আয়োজিত সমাবেশে নাশিদ মালদ্বীপের বর্তমান ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘দেশে নির্বাচন দিন এবং দেখুন কে জেতে’। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, তিনি যদি আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হন তবে আগের মতোই সাদাসিধা ও স্পষ্টবাদী থাকবেন। সেনাবাহিনীতে কোনো ধরনের পরিবর্তন বা কারও বিরুদ্ধে প্রতিহিংসা চরিতার্থ করার ইচ্ছাও তাঁর নেই বলে জানান মালদ্বীপের সাবেক এই প্রেসিডেন্ট। তিনি বলেন, প্রতিশোধ নেওয়ার মধ্য দিয়ে হয়তো সাময়িক তৃপ্তি আসতে পারে। কিন্তু উন্নততর একটি সমাজব্যবস্থা অর্জনে এ ধরনের মনোভাব কোনো কাজে আসে না বলেই তিনি মত প্রকাশ করেন। পিটিআই।