যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় ও উপসাগরীয় অঞ্চলের মিত্রদের মধ্যস্থতায় দুই সপ্তাহ আগে মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ
মুরসির সমর্থক ও সামরিক বাহিনী একটি সমঝোতা চুক্তির কাছাকাছি পৌঁছে গিয়েছিল। গতকাল শনিবার ওয়াশিংটন পোস্ট-এর
এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।
মিসরে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের দূত বেরনার্ডিনো লিওনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবিত ওই চুক্তির আওতায়
মুরসির সমর্থকেরা রাজপথের বিক্ষোভস্থলের তাঁবুগুলো সরিয়ে নিলে কর্তৃপক্ষ তাঁদের বিরুদ্ধে সহিংস অভিযান চালাবে না বলে আশ্বাস
দেওয়া হয়েছিল।
বেরনার্ডিনো লিওন জানান, শান্তিচুক্তির আওতায় সহিংস ঘটনার বিষয়টি তদন্ত করার কথাও ছিল। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার ও
মুসলিম ব্রাদারহুডের মধ্যে আলোচনা হওয়ার কথা ছিল। তবে অন্তর্বর্তী সরকারের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ এল বারাদি
সেনাবাহিনীর প্রধান আবদেল ফাত্তাহ আল-সিসিকে রাজি করাতে পারেননি।
মুরসিকে ক্ষমতায় পুনর্বহাল করার দাবিতে কায়রোতে বিক্ষোভরত সমর্থকদের বিরুদ্ধে সরকারের বুধবারের রক্তক্ষয়ী অভিযানের পর
ভাইস প্রেসিডেন্ট এল বারাদি পদত্যাগ করেন।
বেরনার্ডিনো লিওন, মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম বার্নস এবং কাতার ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা কয়েক
সপ্তাহ সময়ের মধ্যে মিসর সফর করে ওই শান্তিচুক্তির প্রস্তাব করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
মিসরের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মুরসিকে গত ৩ জুলাই সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করার পর থেকেই বিক্ষোভ করে
আসছেন তাঁর সমর্থকেরা। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে মুরসিপন্থীদের সংঘর্ষে এ পর্যন্ত শত শত ব্যক্তি প্রাণ হারিয়েছে। গত
বুধবার এক দিনেই নিহত হয় অন্তত ৬৩৮ জন। বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগের নিন্দায় সরব হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।
এএফপি।