সরকার গজদন্ত মিনারে বসে আছে: মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

ভারতে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার গজদন্ত মিনারে বসে আছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদি।
গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী ও আগামী নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী গতকাল রোববার ব্যাঙ্গালুরুতে এক সমাবেশে বলেন, কংগ্রেস ঘরে বসে কার্যক্রম চালালেও বিজেপি মাঠে নেমে কাজ করে এবং জনগণের সঙ্গে যোগাযোগ বজায় রাখে।
বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদি আরও অভিযোগ করেন, দেশের তারুণ্যকে কংগ্রেস কেবল ভোটার হিসেবে বিবেচনা করলেও বিজেপি তরুণদের শক্তিরূপে গণ্য করে। ভারতের ৬৫ শতাংশ মানুষের বয়স ৩৫ বছরের নিচে। তাদের দেশ গঠনে অবদান রাখার সুযোগ দিতে চায় বিজেপি। এই উদ্যোগ বৈশ্বিক উন্নয়নেও সহায়ক হবে।
দিল্লির ক্ষমতাসীন ব্যক্তিরা তরুণদের কর্মসংস্থানে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন মোদি। তিনি বলেন, ইউপিএ সরকার সারা দেশের জনগণের দক্ষতা বৃদ্ধির জন্য যেখানে এক হাজার কোটি রুপি বরাদ্দ রেখেছে, সেখানে গুজরাটের মতো একটি ছোট রাজ্যেই ওই খাতে ৮০০ কোটি রুপির বাজেট রাখা হয়েছে।
কংগ্রেস ও ইউপিএ কেবল ভোটব্যাংকের রাজনীতি করেছে বলে অভিযোগ করেন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের অন্যতম সফল এই মুখ্যমন্ত্রী বলেন, ২০০৪ সালে ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় সরকার সন্ত্রাসবাদী ও নকশালপন্থীদের দমনে ব্যর্থতার পরিচয় দিয়েছে। পিটিআই।