সরকার গঠন নিয়ে সংকটে থেরেসা মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যে নির্বাচন
যুক্তরাজ্যে নির্বাচন

উত্তর আয়ারল্যান্ডের রক্ষণশীল দল ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির (ডিইউপি) সঙ্গে জোট করে সরকার গঠন নিয়ে সংকটে পড়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। এই জোট উত্তর আয়ারল্যান্ডে শান্তি ফিরিয়ে আনতে সম্পাদিত ঐতিহাসিক ‘গুড ফ্রাইডে চুক্তির’ বরখেলাপ বলে সমালোচনা উঠেছে।

এদিকে, মের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা নিক টিমোথি ও ফিওনা হিল পদত্যাগ করেছেন। তাঁদের সরিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তথা দলের নেতা থেরেসা মের ওপর চাপ ছিল। আরেক জরিপে দেখা গেছে, কনজারভেটিভ পার্টির প্রায় দুই-তৃতীয়াংশ সদস্যই নির্বাচনী বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে থেরেসা মের পদত্যাগ দাবি করেছেন।

ডিইউপির সঙ্গে জোট গঠনের বিষয়টিকে সমালোচকেরা ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থে থেরেসা মের আরও একটি বেপরোয়া পদক্ষেপ বলে আখ্যায়িত করেছেন।

সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও মে ব্রেক্সিট আলোচনায় নিজের ক্ষমতাকে আরও সংহত করতে মধ্যবর্তী নির্বাচন দেন। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই নির্বাচনে তাঁর কনজারভেটিভ পার্টি ১৩টি আসন হারিয়ে এখন এককভাবে সরকার গঠনেই ব্যর্থ। প্রয়োজনীয় ৩২৬ আসন থেকে ৮ আসন দূরে থাকায় ১০ আসন জেতা আঞ্চলিক দল ডিইউপির সঙ্গে জোটের ঘোষণা দিয়েছেন মে।

উত্তর আয়ারল্যান্ডের স্বাধীনতাকামীদের সঙ্গে কয়েক দশকের রক্তক্ষয়ী সংঘাতের পর স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ১৯৯৮ সালে স্বাক্ষর হয়েছিল ‘গুড ফ্রাইডে অ্যাগ্রিমেন্ট’। এ চুক্তি অনুযায়ী স্বায়ত্তশাসনের অধিকার পাওয়া ওই ভূখণ্ডের স্থানীয় রাজনীতিতে নিরপেক্ষতা বজায় রাখার নীতি গ্রহণ করে যুক্তরাজ্যের কেন্দ্রীয় সরকার। যে কারণে কনজারভেটিভ, লেবার বা অন্য কোনো কেন্দ্রীয় দলের রাজনীতি সেখানে নেই। যুক্তরাজ্যের অখণ্ডতাপন্থী ডিইউপি এবং স্বাধীনতাকামী ‘সিন ফেইন’ সেখানে বড় দুটি দল। সাধারণ নির্বাচনে এখানকার মোট ১৮টি আসনের মধ্যে ডিইউপি ১০টি এবং ‘সিন ফেইন’ ৭টি আসন পেয়েছে। ‘সিন ফেইন’ কেন্দ্রীয় কনজারভেটিভদের ঘোরতর বিরোধী।

আবার থেরেসা মে এমন সময়ে ডিইউপির সঙ্গে জোট করছেন, যখন বিবাদের কারণে উত্তর আয়ারল্যান্ডের প্রাদেশিক সরকার ভেঙে গেছে। চলতি মাসের মধ্যে ডিইউপি ও সিন ফেইন নতুন সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার সব সময় নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকা রাখে। কিন্তু থেরেসা মের জোট সেই ভূমিকাকে খর্ব করবে বলে আশঙ্কা করা হচ্ছে। যে কারণে উত্তর আয়ারল্যান্ডে শান্তি আবারও বিনষ্ট হওয়ার ঝুঁকি দেখছেন অনেকে।

থেরেসা মে যেভাবে ব্রেক্সিট (ইইউ থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ) বাস্তবায়ন চান, তার সঙ্গে দ্বিমত রয়েছে ডিইউপির। দলটি ব্রেক্সিটের পক্ষে হলেও স্বাধীন আয়ারল্যান্ড রাষ্ট্র ও উত্তর আয়ারল্যান্ডের সঙ্গে কোনো কঠোর সীমানা চায় না। তারা ইইউর একক বাজারের সুবিধা ধরে রাখারও পক্ষে।

সমালোচকেরা বলছেন, থেরেসা মে শক্তিশালী ও স্থিতিশীল নেতৃত্ব চেয়েছিলেন, কিন্তু জনরায় তাঁকে দিয়েছে দুর্বল ও নড়বড়ে নেতৃত্ব। কনজারভেটিভ পার্টি না জিতলে বিরোধীদের বিশৃঙ্খল জোট হবে বলে জনগণকে সতর্ক করেছিলেন মে। এখন তিনিই সমীকরণহীন অদ্ভুত জোট নিয়ে হাজির হয়েছেন। আর লেবার পার্টির প্রভাবশালী নেতা জন ম্যাকডোনাল্ড বলেন, থেরেসা মে প্রয়োজনে কোনো চুক্তি ছাড়াই ইইউ থেকে বের হয়ে আসার হুংকার দিয়েছিলেন। কিন্তু জনরায়ের পর তিনি এখন ‘খোঁড়া হাঁস’।

এদিকে থেরেসা মের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা নিক টিমোথি ও ফিওনা হিলের পদত্যাগের খবর দিয়ে বিবিসি জানায়, তাঁদের না সরালে নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে মেকে সতর্ক করা হয়েছিল। নির্বাচনের ‘হতাশাজনক’ ফলাফলের জন্য নিজের ভূমিকার দায়দায়িত্ব নিয়ে টিমোথি দলীয় এমপিদের মের পাশে থেকে সরকার গঠন ও ব্রেক্সিট প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। কনজারভেটিভদের ওয়েবসাইটে তাঁর এ আহ্বান প্রকাশিত হয়েছে।