সরকার গঠনে ভরসা বামপন্থী বিরোধীরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঙ্গেলা মেরকেল
আঙ্গেলা মেরকেল

তৃতীবারের মতো জার্মানির চ্যান্সেলর হতে যাচ্ছেন আঙ্গেলা মেরকেল। তাঁর নেতৃত্বাধীন রক্ষণশীল দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন জয়ী হয়েছে। তবে অল্পের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে তিনি মধ্য-বামপন্থী বিরোধীদের সঙ্গে নতুন জোট সরকার গঠনের চিন্তাভাবনা চলছে।
মেরকেলের রাজনৈতিক বিরোধীরাও ইউরোজোনের ঋণ-সংকট মোকাবিলায় তাঁর দৃঢ়তাপূর্ণ নেতৃত্বের সাফল্যের কথা স্বীকার করেন। নির্বাচনে রক্ষণশীল দলগুলো প্রায় ৪১ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছে। তবে এই জোটের উদারপন্থী দল ফ্রি ডেমোক্র্যাটস মাত্র ৪ দশমিক ৮ শতাংশ ভোট পেয়েছে। তাদের সঙ্গে নিলেও মেরকেলের বর্তমান জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না।
অন্যদিকে মধ্য-বামপন্থী সোশ্যাল ডেমোক্র্যাটস পেয়েছে ২৬ শতাংশ ভোট। তাদের সমর্থন নিয়ে একটি শক্তিশালী জোট গঠনের সুযোগ পেতে পারেন মেরকেল।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর দলীয় কার্যালয়ের সামনে সমর্থকদের উদ্দেশে মেরকেল বলেন, ‘এই ফলাফল ভালো। আমরা আজকের রাতটি উদ্যাপন করতে পারি। কারণ, আমরা চমৎকার কিছু অর্জন করেছি।’ টেলিভিশনে তিনি বলেন, ‘তবে আমরা কাউকে সঙ্গে না-ও পেতে পারি।’
তবে জোট সরকার গঠনের ব্যাপারে কিছু বলা সময় এখনো আসেনি বলে মন্তব্য করেন ৫৯ বছর বয়সী মেরকেল। ধারণা করা হচ্ছে, নতুন সরকার গঠনে তাঁকে জটিলতায় পড়তে হবে। মেরকেল অবশ্য সোশ্যাল ডেমোক্র্যাটসকে সঙ্গে নিয়ে ২০০৫-০৯ সালের মতো জোট সরকার প্রতিষ্ঠা করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন। দলটি নতুন মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদগুলো দাবি করতে পারে।
ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের পার্লামেন্টারি গ্রুপের নেতা ভলকার কদার বলেন, তাঁদের দল সরকার গঠনের জন্য ভোটারদের সুস্পষ্ট সমর্থন (ম্যান্ডেট) পেয়েছে। জনগণ আঙ্গেলা মেরকেলকে তৃতীয় মেয়াদে চ্যান্সেলর হিসেবে দেখতে চায়।
নতুন জোট যে রকমই হোক না কেন, আঙ্গেলা মেরকেলের বর্তমান সরকারের নীতিতে তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। তবে ইউরোজোনের ঋণ-সংকটের ব্যাপারে জার্মানি আরও নমনীয় ভূমিকায় অবতীর্ণ হতে পারে।
আর নতুন জোট গড়ার ব্যাপারে বিভিন্ন দলের মধ্যে সমঝোতার জন্য কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। জার্মানিতে বড় আকারের জোট সরকার এলে ইউরোজোনের অংশীদারেরাও সন্তুষ্ট হবে।
গত রোববার জার্মানির পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগে সর্বশেষ জনমত জরিপেও আঙ্গেলা মেরকেলের দল এগিয়েছিল।