সরকার দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে: মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ও গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্রে ক্ষমতাসীন ইউপিএ সরকারের সমালোচনা করে তাদের নয় বছরের সাফল্য-ব্যর্থতা নিয়ে প্রতিবেদন প্রকাশের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পায় বসবাসরত ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের উদ্দেশে গতকাল রোববার এক ভিডিও কনফারেন্সে কথা বলছিলেন মোদি। তিনি বলেন, ‘কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তাই গণতান্ত্রিকভাবে তাদের বিদায় নিতে হবে। ১৯৭৭ সালের মতো আগামী নির্বাচনেও জনগণের রায়ে কংগ্রেস নেতৃত্বকে বিদায় নিতে হবে।’
বাজপেয়ি সরকারের বিদায়ের পর থেকেই ভারতের অধঃপতনের ধারা শুরু হয় বলে মন্তব্য করেন আগামী নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী মোদি। আগামী বছর অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত করতে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের সহযোগিতা কামনা করেন মোদি। তিনি বলেন, ‘এই নির্বাচন কোনো পদ অর্জনের লড়াই নয়, বরং দরিদ্র ও প্রান্তিক জনগণের অশ্রু মোচনের লড়াই।’
ওভারসিজ ফ্রেন্ডস অব বিজেপি-ইউএসএ নামের একটি সংগঠন আয়োজিত সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন নরেন্দ্র মোদি। তাঁর সমর্থকেরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ও কানাডা থেকে ওই সম্মেলনে অংশ নেন। পিটিআই।