পশ্চিমবঙ্গের আসন্ন পঞ্চায়েত নির্বাচনের দিন-তারিখ নির্ধারণ নিয়ে পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য সরকারের বিরোধ চরমে পৌঁছেছে। আইনে থাকলেও রাজ্য সরকার নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ না করেই একতরফাভাবে আগামী ২৬ ও ৩০ এপ্রিল দুই পর্যায়ে পঞ্চায়েত নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। অথচ নির্বাচনের তারিখ ঘোষণা করার কথা নির্বাচন কমিশনের। রাজ্য নির্বাচন কমিশন এই পঞ্চায়েত নির্বাচন তিন পর্বে এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে অনুষ্ঠিত করার প্রস্তাব পাঠালেও তাতে সায় না দিয়ে রাজ্য সরকার একতরফাভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। তা ছাড়া রাজ্য সরকার চাইছে, রাজ্য পুলিশের উপস্থিতিতে নির্বাচন সম্পন্ন করতে। নির্বাচন কমিশন রাজ্য সরকারের এই নির্দেশ না মেনে তা পুনর্বিবেচনার জন্য রাজ্য সরকারের কাছে গত সোমবার একটি চিঠিও দিয়েছে। এদিকে উদ্ভূত পরিস্থিতে গতকাল মঙ্গলবার দুপুরে রাজ্য নির্বাচন কমিশনার মীরা পান্ডে রাজ্যপাল এম কে নারায়ণনের সঙ্গে দেখা করে কথা বলেছেন। অন্যদিকে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় গতকাল রাজ্য সচিবালয়ে সাংবাদিকদের জানান, রাজ্য সরকার প্রস্তাবিত তারিখেই নির্বাচন করবে। এ ব্যাপারে তাঁরা রাজ্য সরকারকে ফের ঠিঠি লিখে জানিয়ে দেবেন।