সরকার পরিবর্তনের ডাক মমতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির কেন্দ্রীয় সরকার পরিবর্তনের ডাক দিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে কলকাতার কেন্দ্রস্থল ধর্মতলার কাছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এক দলীয় সমাবেশে এই ডাক দেন তিনি।
মমতা বলেন, ‘এবার পরিবর্তন করতে হবে দিল্লির কেন্দ্রীয় সরকারকে। আমরা আর দাঙ্গার সরকার চাই না। দুর্নীতির সরকার চাই না। চাই সম্প্রীতির সরকার, সংহতির সরকার। আমাদের লড়াই কংগ্রেস, বিজেপি ও বামদের বিরুদ্ধে। তাই দিল্লির সরকার গড়ার লক্ষ্যে দিল্লিতেও আমাদের জিততে হবে।’ তিনি বলেন, দিল্লির ৪২টি আসনেই তৃণমূলকে জিততে হবে। ওদের একটি আসনও নয়। তৃণমূল কংগ্রেসই এবার গোটা দেশকে পথ দেখাবে। দেশের বিভিন্ন রাজ্যেও লোকসভা নির্বাচনে লড়বে।
মমতা জোর দিয়ে বলেন, কংগ্রেসের বিকল্প বিজেপি নয়; আবার বিজেপির বিকল্প কংগ্রেস নয়। গোটা দেশের বিকল্প তৃণমূল কংগ্রেস। তিনি বলেন, কংগ্রেস ও বিজেপি জোটকে পরাজিত করতে ফেডারেল ফ্রন্ট গড়তে হবে। দিল্লির রাজতন্ত্রের অবসান ঘটাতে হবে। তাই এবার দিল্লিতে যেতে হবে। এ সময় মঞ্চ থেকে ‘চলো দিল্লি চলো, চলো ভারত গড়ো’ বলে স্লোগান দেন তৃণমূল নেত্রী।
সমাবেশে সাহিত্যিক মহাশ্বেতা দেবী বলেন, ‘আমরা মমতাকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। মমতাই এখন ভারতের যোগ্য প্রধানমন্ত্রী। মমতার ওপর মানুষের আস্থা আছে। মমতা নিঃস্বার্থভাবে কাজ করেন। গত তিন বছরে মমতা এই রাজ্যে দ্বিগুণ কাজ করেছেন। তাই ভবিষ্যতের সম্ভাব্য প্রধানমন্ত্রী তিনি।’