সরকার সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত নয়: জারদারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেছেন, তাঁর সরকার সেনাবাহিনী ও বিচারব্যবস্থার সঙ্গে ‘যুদ্ধে’ লিপ্ত নয়। পাকিস্তানের বেসরকারি চ্যানেল জিও টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ‘গোপন চিঠি’ কেলেঙ্কারি প্রসঙ্গে তিনি এ কথা বলেন। গতকাল শনিবার রাতে তাঁর এই সাক্ষাৎকার প্রচার হওয়ার কথা।প্রেসিডেন্ট জারদারি বলেন, ‘আমরা আদালতের সঙ্গে যুদ্ধে লিপ্ত নই। সেনাবাহিনীর সঙ্গেও যুদ্ধ করছি না। কোথাও কোনো যুদ্ধ চলছে না।’ তিনি বলেন, ‘আপনারা ভাবছেন, সরকারের সঙ্গে সেনাবাহিনী ও বিচারব্যবস্থার বিরোধ চলছে। কিন্তু আমি বলব যে এটি স্বাভাবিক প্রক্রিয়ার অংশ। বিষয়টি পুরোপুরি বিকশিত হবে, এর পর ধীরে ধীরে শান্ত হয়ে যাবে।’গোপন চিঠির বিষয়টি তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশন ও পার্লামেন্টারি কমিশন কাজ করছে। এ দুটি তদন্ত কমিশন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জারদারি বলেন, ‘আমার দৃষ্টিতে পার্লামেন্টের অবস্থান সবার ওপরে।’পাকিস্তানের প্রধান বিরোধী দল পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) নেতা নওয়াজ শরিফসহ কয়েকজনের করা আবেদনের পরিপ্রেক্ষিতে দেশটির সুপ্রিম কোর্ট গোপন চিঠি কেলেঙ্কারির তদন্ত করার সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইফতিখার মুহাম্মদ চৌধুরীসহ নয়জন বিচারপতিকে নিয়ে বেঞ্চ গঠিত হয়েছে। বেঞ্চের নির্দেশে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠিত হয়েছে চারজন বিচারপতিকে নিয়ে। সেই কমিশন কাজও শুরু করেছে। তবে সরকার বিচার বিভাগীয় কমিশন গঠনের বিরোধী ছিল। তাই সরকার কেলেঙ্কারির ঘটনা তদন্তে পার্লামেন্টারি তদন্ত কমিশন গঠন করে।সুপ্রিম কোর্টের নির্দেশে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠিত হওয়ায় চাপের মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট জারদারি। পর্যবেক্ষকেরা বলছেন, দেশটিতে আগাম পার্লামেন্ট নির্বাচন হতে পারে। তা হতে পারে চলতি বছরের যেকোনো সময়।গত অক্টোবরে পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন ব্যবসায়ী মনসুর ইজাজ ফিন্যান্সিয়াল টাইমস-এ লেখা এক নিবন্ধে উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রদূত হুসেইন হাক্কানি একটি গোপন চিঠি মার্কিন উচ্চপর্যায়ে সামরিক কর্মকর্তাদের কাছে পৌঁছে দিতে তাঁকে (ইজাজ) দায়িত্ব দেন। সেই চিঠির বিষয়বস্তু ছিল, প্রেসিডেন্ট জারদারি পাকিস্তানের শীর্ষস্থানীয় জেনারেল ও গোয়েন্দা কর্মকর্তাদের সরিয়ে দিতে মার্কিন সহায়তা কামনা করেছেন। যুক্তরাষ্ট্র এই কাজে জারদারিকে সহায়তা করলে পাকিস্তানের পররাষ্ট্রনীতি মার্কিনিদের অনুকূলে থাকবে। চিঠিতে জারদারি আশঙ্কা প্রকাশ করে বলেন, সেনাবাহিনী পাকিস্তানের অভ্যুত্থান ঘটাতে পারে। ওই চিঠিতে কারও কোনো সই ছিল না।বিষয়টি নিয়ে সরকার ও সেনাবাহিনী মুখোমুখি অবস্থান নিয়েছে। সেনাবাহিনী দেশটির ক্ষমতা নেবে বলেও গুজব রটে। এর জের ধরে হুসেইন হাক্কানিকে বরখাস্ত করা হয়েছে। অবশ্য প্রেসিডেন্ট জারদারি ও সাবেক রাষ্ট্রদূত হাক্কানি এমন কোনো চিঠির সঙ্গে সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন। এএফপি।