সরকারকে সমর্থন দিয়ে যাবেন মুলায়ম সিং
ভারতে কংগ্রেসের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আঞ্চলিক রাজনৈতিক দল মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টি (এসপি)। গতকাল শুক্রবার নয়াদিল্লিতে মুলায়ম নিজেই সাংবাদিকদের এ কথা জানান।মুলায়মের এই ঘোষণা কংগ্রেসের জন্য আপাতত স্বস্তি হয়ে এসেছে। তাঁর এই সমর্থনের ফলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থেকে বেরিয়ে গেলেও সরকার টিকে থাকবে। কংগ্রেসের নেতৃত্বাধীন সরকারকে সমর্থনের পক্ষে যুক্তি দিতে গিয়ে গতকাল মুলায়ম বলেন, ‘আমাদের অবস্থান পরিষ্কার। আমরা সাম্প্রদায়িক কোনো শক্তিকে ক্ষমতায় দেখতে চাই না।’ এক প্রশ্নের জবাবে মুলায়ম বলেন, ‘মধ্যবর্তী নির্বাচনের প্রশ্ন আসছে কেন? এ ব্যাপারে কংগ্রেসকে জিজ্ঞেস করেন, তারা কী চায়।’ মুলায়ম জানান, এসপি বর্তমান সরকারের নেওয়া অর্থনৈতিক সংস্কার কর্মসূচির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। তারা খুচরা ব্যবসায় বিদেশি বিনিয়োগের অনুমতি ও ডিজেলের দাম বাড়ানোর বিরোধী। মুলায়ম দাবি করেন, সরকারের এই সিদ্ধান্ত দেশের দরিদ্র জনগণের বিপক্ষে গেছে। এতে অন্তত পাঁচ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এএফপি, পিটিআই।