সরকারবিরোধী প্রতিনিধিত্ব ছাড়া শান্তি সম্মেলন নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাখদার ব্রাহিমি
লাখদার ব্রাহিমি

জাতিসংঘ ও আরব লিগের দূত লাখদার ব্রাহিমি গতকাল রোববার বলেছেন, সিরিয়ার সরকারবিরোধীদের ‘গ্রহণযোগ্য’ প্রতিনিধিত্ব ছাড়া জেনেভায় শান্তি সম্মেলন আহ্বান করা হবে না।
এদিকে আরব লিগের প্রধান নাবিল আল-আরাবি বলেছেন, আগামী ২৩ নভেম্বর শান্তি সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেনেভা শান্তি সম্মেলনকে সামনে রেখে গত শনিবার মধ্যপ্রাচ্য সফর শুরু করেন ব্রাহিমি। সেদিন তিনি মিসরে পৌঁছান। গতকাল মিসরের রাজধানী কায়রোতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্রাহিমি বলেন, ‘সিরিয়ার সরকারবিরোধীদের গ্রহণযোগ্য প্রতিনিধিত্ব ছাড়া শান্তি সম্মেলন আহ্বান করা হবে না। কারণ, সরকারবিরোধীরাও দেশটির জনগণের উল্লেখযোগ্য অংশের প্রতিনিধিত্ব করে।’
জেনেভা সম্মেলনে যোগ দেওয়া-না দেওয়া নিয়ে ইতিমধ্যে সিরিয়ার সরকারবিরোধীদের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। বিরোধীদের প্রধান জোট ন্যাশনাল কোয়ালিশন বলেছে, কোয়ালিশনের অন্তর্ভুক্ত পক্ষগুলো নিজেদের মধ্যে আলোচনা করে শান্তি সম্মেলনে যোগ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তবে এরই মধ্যে কোয়ালিশনভুক্ত পক্ষ সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল (এসএনসি) বলেছে, তারা কিছুতেই ওই সম্মেলনে যোগ দেবে না। আর ন্যাশনাল কোয়ালিশন সম্মেলনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলে জোট থেকে বেরিয়ে যাবে তারা।
শান্তি সম্মেলনে গ্রহণযোগ্য বিরোধীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিরা অবশ্য কাজ করে যাচ্ছেন। এর অংশ হিসেবে আজ মঙ্গলবার লন্ডনে সিরিয়ার বিদ্রোহীদের সমর্থক জোট ফ্রেন্ডস অব সিরিয়ার বৈঠক হবে। এই বৈঠকে পশ্চিমা ও আরব দেশগুলোর প্রতিনিধিরা সিরিয়ার বিরোধীদের জেনেভা সম্মেলনে যোগ দেওয়ার জন্য চাপ দিতে পারেন। লন্ডনের ওই বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিরও যোগ দেওয়ার কথা রয়েছে।
আরব লিগের প্রধান আরাবি গতকাল কায়রোয় ব্রাহিমির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের জানান, ২৩ নভেম্বর জেনেভা শান্তি সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। ওই দিনকে সামনে রেখে সম্মেলনের প্রস্তুতি চলছে। যদিও সম্মেলন আয়োজনে এখনো বেশ কিছু বাধা থাকার কথা স্বীকার করেন তিনি। আরব লিগের প্রধানও ইঙ্গিত দেন, আজ লন্ডনে অনুষ্ঠেয় ফ্রেন্ডস অব সিরিয়ার বৈঠকে জেনেভা সম্মেলনে অংশ নেওয়ার জন্য সিরিয়ার সরকারবিরোধীদের ওপর চাপ দেওয়া হবে।
হামায় আত্মঘাতী বোমায় নিহত ৩০: সিরিয়ার হামা প্রদেশে গতকাল আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, আত্মঘাতী হামলাকারী একটি বিস্ফোরকভর্তি ট্রাক চালিয়ে ব্যস্ত সড়কে উঠে বিস্ফোরণ ঘটান। এতে অন্তত ৩০ জন নিহত ও অসংখ্য মানুষ আহত হয়।
সানা আরও জানায়, ট্রাকটিতে প্রায় দেড় টন বিস্ফোরক ছিল। সরকারি বার্তা সংস্থা ওই হামলার জন্য বরাবরের মতো ‘সন্ত্রাসীদের’ দায়ী করেছে।
হামলার পর ঘটনাস্থলে বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় আশপাশ।
বিদ্রোহীদের সমর্থক বলে পরিচিত যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, হামলায় ৩১ জন নিহত হয়েছে। আহত হয়েছে অসংখ্য মানুষ। স্থানীয় একটি সামরিক চৌকিকে লক্ষ্য করে ওই আত্মঘাতী হামলা চালানো হয়েছে। এএফপি ও রয়টার্স।