থাইল্যান্ডের সরকারবিরোধীরা প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে গতকাল বৃহস্পতিবার রাজধানী ব্যাংককে সরকারি কার্যালয় অভিমুখে কর্মসূচি পালন করেছেন। তবে এতে অংশগ্রহণকারীর সংখ্যা গত কয়েক দিনের তুলনায় কম ছিল।
এদিকে ইংলাক ও তাঁর ঘনিষ্ঠ ব্যক্তিরা দাবি করছেন, বিক্ষোভকারীরা তাঁদের ভুল উপলব্ধি করতে পেরে বিক্ষোভ থেকে সরে যাচ্ছেন। এ কারণেই বিক্ষোভের মাত্রা কমে যাচ্ছে।
সরকারবিরোধীরা আগামী ২ ফেব্রুয়ারি নির্বাচন বর্জনের ব্যাপারে অনড় অবস্থানে রয়েছেন। তাঁরা ইংলাকের পদত্যাগের এক দফা দাবি নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।
গতকাল প্রায় ৫০০ বিক্ষোভকারী লুম্পিনি পার্ক থেকে সরকারি কার্যালয়ের এলাকা অভিমুখে যাত্রা করেন। বিক্ষোভকারীদের এই সংখ্যা গত কয়েক দিনের তুলনায় কম। যদিও ব্যাংককের রাজপথের কোনো কোনো স্থানে রাতভর বিক্ষোভ চলে।
সরকারবিরোধী আন্দোলনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা গতকাল বলেন, ‘জনগণ দেখেছে, আইন ও সংবিধানের আওতায় থেকে বিক্ষোভকারীদের দাবি মানা সম্ভব নয়। বিষয়টি বিক্ষোভকারীরাও বুঝতে পারছে।’ রয়টার্স।